সিদ্ধিরগঞ্জে গায়ে হলুদের অনুষ্ঠানে অতিরিক্ত নেশার জন্য বিয়ারের সাথে স্পিরিট পান করে ২ যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করেছে।
মামলা সূত্রে জানা গেছে, বুধবার রাতে সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার আমিনুল হকের মেয়ের বিয়ের গায়ে হলুদের অনুষ্ঠানে তার ছেলে নাহিদ (২২) বন্ধু-বান্ধবসহ অন্যান্য অতিথিদের নিয়ে আনন্দ করার জন্য বিয়ার পানের আয়োজন করে। এ সময় নাহিদের বন্ধুদের মধ্যে আকিব, আশিক, দ্বীন ইসলাম, আক্কাস এবং রাসেলসহ আরো কয়েকজন অতিরিক্ত নেশার জন্য হিরো কসমেটিকস অ্যান্ড ক্যামিকেল স্টোর থেকে স্পিরিট সংগ্রহ করে। পরে বন্ধুরা মিলে ওই স্পিরিট বিয়ারের সাথে মিশিয়ে পান করে। এতে আকিব (২২), আশিক (১৮), দ্বীন ইসলাম (২৮), আক্কাস (১৯) এবং রাসেলসহ (১৯) কয়েকজন ওই রাতেই অসুস্থ হয়ে পড়ে। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার আকিব এবং আশিক মারা যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হিরো কসমেটিকস অ্যান্ড ক্যামিকেলের মালিক হিরো হাওলাদার এবং আমিনুল হকের ছেলে নাহিদকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করে।
আরো পড়ুন: ওয়াজ শুনতে এসে পুলিশের হাতে ধর্ষণের শিকার ছাত্রী!
সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর শাহীন শাহ পারভেজ জানায়, ‘গায়ে হলুদের অনুষ্ঠানে বিয়ারের সাথে স্পিরিট পানে ২ যুবকের মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। আসামিদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে। এ সময় তিনি কোন পারিবারিক অনুষ্ঠানে এমন আয়োজন করা থেকে বিরত থাকার পরামর্শ দেন। অন্যথায় ওইসব আয়োজকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ইত্তেফাক/বিএএফ