ভোটটা দেব কাকে?

 

কালো টাকার পাহাড় গড়ে বাড়ি-গাড়ি জমি করে

গরিব-দুখীর টাকা খেয়ে এসি গাড়ি হাঁকে,

মসুম এলে দুধের মাছি অন্য সময় নাচানাচি

দিন-দুপুরে পুকুর চুরি শাক দিয়ে মাছ ঢাকে—

ভোট দেব না তাকে।

 

ভোট কেনে যে টাকা দিয়ে সময় কাটায় দুধে ঘি-এ

দু’নম্বরি ফন্দি-ফিকির জীবন নদীর বাঁকে,

মাকাল ফলে জীবন ঘেরা দুর্নীতিতে সবার সেরা

খাদ্য-পোশাক ত্রাণগুলো নিজের করে রাখে—

ভোট দেব না তাকে।

 

লোকদেখানো কর্ম করে সালাম কালাম বুকে জোড়ে

লেবাসধারী ভণ্ড নেতা স্বার্থছবি আঁকে,

হাতেনাতে পড়লে ধরা, ধরাকে জ্ঞান করে সরা

জয়ের পরে যায় না পাওয়া পালিয়ে শুধু থাকে—

ভোট দেব না তাকে।

 

তবে ভোটটা দেব কাকে?

যে মানুষটি দেশ-জনতার স্বপ্নছবি আঁকে।