গাইবান্ধা সদর উপজেলায় ১৫ বছর আগে বন্যায় ভেঙে যাওয়া মানস নদীর একটি সেতু নির্মাণের দাবিতে শনিবার মানববন্ধন করেছে এলাকাবাসী।
উপজেলার গিদারী ইউনিয়নের প্রধানের বাজার-কালিরবাজার সড়কের কালিরবাজার এলাকায় ভেঙ্গে যাওয়া সেতুর স্থলে এলাকাবাসীর উদ্যোগে নির্মিত বাঁশের সাঁকোর নিচে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার ভুক্তভোগী বিপুল সংখ্যক মানুষ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলজিইডি’র নির্মিত সেতুটি বিগত ২০০৫ সালের বন্যার পানির তোড়ে ভেসে যায়। কিন্তু সেখানে আজও নতুন কোন সেতু নির্মাণের উদ্যোগ নেয়া হয়নি। গিদারী ইউনিয়নের ৬-৭টি গ্রামের মানুষ এই পথে গিদারী ইউনিয়ন পরিষদ কার্যালয়সহ হাটবাজার স্কুল-মাদ্রাসা ও গাইবান্ধা সদরে যাতায়াত করেন। কিন্তু তারপরেও অজ্ঞাত কারণে সেতুটি নির্মাণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোন উদ্যোগ নেই। তাই এলাকাবাসী নিরুপায় হয়ে নিজেদের উদ্যোগে এই বাঁশ দিয়ে সাঁকো নির্মাণ করেছেন।
গাইবান্ধা সদর উপজেলা প্রকৌশলী আবুল কালাম আজাদ মোল্লা জানান, সেতুটি নির্মাণের জন্য ঢাকায় প্রকল্প প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হলেই নির্মাণ কাজ শুরু করা হবে।
মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য ও গাইবান্ধা জেলা কমিটির সভাপতি মিহির ঘোষ, গাইবান্ধা সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি ছাদেকুল ইসলাম মাস্টার, জেলা সিপিবি’র সহ-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মুরাদ জামান রব্বানী, এলাকাবাসী জাহাঙ্গীর মাস্টার, জাহাঙ্গীর মন্ডল প্রমুখ।
ইত্তেফাক/এনএ