সীতাকুণ্ডে সম্রাট হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) সংবাদদাতা:সীতাকুণ্ডে খুনিদের গ্রেফতারে পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ করে যুবলীগ নেতা সম্রাট হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে কলেজ ছাত্র-ছাত্রীরা মানববন্ধন করেছে। জানা যায়, গতকাল শনিবার বেলা ১১টায় পৌরসদরস্থ সীতাকুণ্ড ডিগ্রি কলেজের ছাত্র-ছাত্রীরা কলেজ গেইটের সামনে দাউদ সম্রাটের প্রধান আসামি খুনি ডাকাত শহীদকে গ্রেফতারের দাবিতে এক মানববন্ধন করে। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, ছাত্র-ছাত্রীদের সুখ-দুঃখের সাথী যুবলীগ নেতা সম্রাট হত্যার ২৭ দিন পার হয়ে গেল। কিন্তু পুলিশ আজও ডাকাত শহীদসহ অন্যদের গ্রেফতার করতে পারেনি। পুলিশ একজন আসামিকে গ্রেফতার করলেও তার কাছ থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য বের করতে পারেনি। মানববন্ধনে সাধারণ ছাত্র পরিষদের পক্ষে বক্তব্য রাখেন- হাসান, শাহরিয়া, মেহেদী,  পৌর যুবলীগ নেতা সুজিত দাস, সাজ্জাদ, কলেজ ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক সম্ভু দে, ২নং ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম-আহ্বায়ক সাইফুল আলম, ছাত্রলীগ নেতা জামিল খাঁন, অনিক প্রমুখ                —ইত্তেফাক