বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের থানচি উপজেলায় সীমান্তবর্তী অঞ্চলে অভিযান চালিয়ে নিষিদ্ধ পপি চাষ (আফিম) বাগান ধ্বংস করেছে বিজিবি। বৃহস্পতিবার বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার লেঃ কর্নেল মোঃ হাবিবুল হাসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়।
বিজিবি ও স্থানীয়রা জানায়, জেলার থানচি উপজেলার তিন্দু ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী মুরুক্ষ্যং ঝিরি এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে স্থানীয় পাহাড়িদের সহযোগিতায় নিষিদ্ধ পপি (আফিম) চাষ করে অস্ত্রধারী সন্ত্রাসীরা। খবর পেয়ে বিজিবির তিন্দু ক্যাম্পের ক্যাম্প কমান্ডার সুবেদার মোঃ মোতালেবের নেতৃত্বে ১০ জন বিজিবি সদস্য অভিযান চালিয়ে প্রায় পাঁচশ’ বর্গফুটের একটি নিষিদ্ধ পপি (আফিম) বাগান ধ্বংস করেছে। গাছগুলো ধ্বংস করার পর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয় বাগানটি। তবে অভিযানের খবর পেয়ে পপি বাগান চাষিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বলিপাড়া বিজিবি ব্যাটেলিয়ানের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ হাবিবুল হাসান জানান, মাদক-বিরোধী অভিযানের অংশ হিসাবে বিজিবি থানচির দুর্গমাঞ্চলে গড়ে তোলা পপি (আফিম) বাগান ধ্বংস করেছে। নিষিদ্ধ পপি চাষ ধ্বংসে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।