কুমিল্লায় সংঘর্ষে কৃষক নিহত

কুমিল্লার মনোহরগঞ্জে ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে মোঃ বাচ্চু মিয়া (৬০) নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও কমপক্ষে ৩ জন। শনিবার উপজেলা বাইশগাঁও ইউনিয়নের চিলুয়া তালতলা গ্রামে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে চিলুয়া তালতলা গ্রামের কৃষক বাচ্চু মিয়া তার ধানের জমিতে সেচ দেওয়ার উদ্দেশ্যে বাড়ির পাশের একটি পুকুর থেকে পানি নিতে যান। এ সময় একই বাড়ির মমিন উল্যাহ ও তার ছেলে মনির হোসেন তাকে বাধা প্রদান করে। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ঝগড়ার সৃষ্টি হয়। এক পর্যায়ে মনির হোসেন লাঠি দিয়ে বাচ্চু মিয়ার মাথায় আঘাত করলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। এ সময় বাড়ির লোকজন তাকে উদ্ধার করে প্রথমে মনোহরগঞ্জ সরকারি হাসপাতালে এবং পরে লাকসাম জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় আরও ৩জন আহত হয়েছেন। আহতরা হলেন মাকছুদুল আলম ভূঁইয়া, আনোয়ার হোসেন, আহসান হাবিব। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।

আরও পড়ুনঃ রস পাড়তে খেঁজুরগাছে উঠে গাছির মৃত্যু

মনোহরগঞ্জ থানার ওসি মোঃ মেজবাহ উদ্দিন ভূঁইয়া জানান, ‘বিকাল ৫টার দিকে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

ইত্তেফাক/নূহু