স্পোর্টস ডেস্ক
প্যাট কামিন্সের তাণ্ডবে ব্রিসবেন টেস্টের তৃতীয় দিনেই সহজ জয় পেয়েছে অস্ট্রেলিয়া। সফরকারী শ্রীলঙ্কাকে ইনিংস এবং ৪০ রানে হারিয়েছে অজিরা। ক্যানবেরায় দ্বিতীয় টেস্টটি শুরু হবে আগামী শুক্রবার।
১৭৯ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা শ্রীলঙ্কা শিবিরে আগের দিনই আঘাত করেছিলেন কামিন্স। তিন রানের মাথায় তার বলে দিমুথ করুনারত্নে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নমুখো হন। সেখানেই দ্বিতীয় দিনের সমাপ্তি ঘটে।
এক উইকেটের বিনিময়ে ১৭ রান নিয়ে তৃতীয় দিন শুরু করা শ্রীলঙ্কানরা শুরুতেই কামিন্স ঝড়ে কোনঠাসা হয়ে পড়ে। শুরুটা হয় অধিনায়ক দীনেশ চন্দিমালকে দিয়ে। কামিন্সের আচমকা লাফিয়ে ওঠা বলে হকচকিয়ে গালিতে থাকা কুরতিস প্যাটারসনকে ক্যাচ দিয়ে রানের খাতা খোলার আগেই সাঝঘরে ফেরেন লঙ্কান দলপতি।
তারপর স্টাম্প থেকে খানিকটা বাইরের বল তাড়া করতে গিয়ে দ্বিতীয় স্লিপে দাঁড়ানো জো বার্নসকে ক্যাচ দিয়ে কামিন্সের তৃতীয় শিকারে পরিণত হন কুশল মেন্ডিস। রোশান সিলভাকেও ঠিক একই প্রক্রিয়ায় সাঝঘরের পথ দেখান নিউ সাউথ ওয়েলসের এই পেসার। ব্যক্তিগত ১৪ রানের মাথায় ধনাঞ্জয়া ডি সিলভার রক্ষণ ভাঙেন প্রথম ইনিংসেও তাকে আউট করা ঝাই রিচার্ডসন।
দলীয় ৭৯ রানে লাহিরু থিরিমান্নে যখন কামিন্সের বলে টিম পেইনের তালুবন্দি হয়ে ফিরে যাচ্ছেন প্যাভিলিয়নে, ইনিংস হার তো অবশ্যই, শতরানের নিচে অলআউট হবার শঙ্কাও মাথাচাড়া দিয়ে উঠেছিল লঙ্কান শিবিরে। সেখান থেকে নিরোশান ডিকওয়েলা আর দিলরুয়ান পেরেরার ৩০ রানের জুটিতে শতরান পার করলেও ইনিংস হারের লজ্জা থেকে বাঁচতে পারেনি সফরকারীরা। দলীয় ১০৯ রানে রিচার্ডসনের দ্বিতীয় শিকার হয়ে ফিরে যান ডিকওয়েলা।
সঙ্গীর বিদায়ের পর বেশিক্ষণ টিকতে পারেননি পেরেরাও। কামিন্সের বলে গালিতে ক্যাচ দিয়ে ব্যক্তিগত আট রানে ফেরেন তিনি। চোটের কারণে ব্যাট করতেই পারেননি পেসার লাহিরু কুমারা। ফলে ১৩৯ রানে সুরাঙ্গা লাকমল নাথান লায়নের বলে স্টাম্পড হলে শেষ হয় লঙ্কানদের ইনিংস। ইনিংস এবং ৪০ রানে জিতে দুই ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে যায় অজিরা।
প্রথম ইনিংসে চার উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ছয় উইকেট শিকারের ফলে ক্যারিয়ারে প্রথমবারের মত ম্যাচে দশ উইকেটে শিকারের কীর্তি গড়লেন কামিন্স। ২০০০ সালের নভেম্বরে সর্বশেষ বোলার হিসেবে গ্যাবায় ম্যাচে দশ উইকেট শিকার করেছিলেন ম্যাকগ্রা। প্রায় ১৯ বছর পর সে কীর্তির পুনরাবৃত্তি করলেন কামিন্স।