লক্ষ্মীপুরে স্কুলছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণ, গ্রেফতার ২

লক্ষ্মীপুর সদর ও কমলনগরে পৃথক ঘটনায় স্কুল ছাত্রীসহ দুই তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। সংশ্লিষ্ট থানায় ধর্ষণের আলাদা দুইটি মামলা হয়েছে বলে জানায় পুলিশ। এ দুই ধর্ষণের ঘটনার মামলার প্রধান অভিযুক্ত আসামি মেহেদী হাসান হৃদয় ও আকরাম হোসেন নামের দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। 

রবিবার (২১ মার্চ) দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠিয়েছে পুলিশ। এর আগে ভুক্তভোগী পরিবার গুলোর পক্ষ থেকে থানায় মামলার পর অভিযুক্তদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানান, সদর উপজেলার আটিয়াতলী গ্রামে বাবার অসুস্থতায় পরিবারের লোকজন হাসপাতালে ছিল। এ সুযোগে ঘরে একা পেয়ে শনিবার দিবাগত রাতে লক্ষ্মীপুর টেক্সটাইল ইন্সটিটিউটের দশম শ্রেণীর শিক্ষার্থীকে স্থানীয় উত্তর মজুপুর এলাকার আবুল কালাম আজাদের বখাটে ছেলে মেহেদী হাসান হৃদয় ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে আশেপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। 

এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের বাবা বাদী হয়ে হৃদয়কে আসামি করে সদর থানায় মামলা করেন। পরে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

অপরদিকে কমলনগর উপজেলার চর জাঙ্গালিয়া এলাকায় শনিবার রাতে ১৭ বছরের এক তরুণীকে নিজ ঘরে ধর্ষণের অভিযোগ উঠে রামগতি উপজেলার আব্দুল বাতেনের ছেলে আকরাম হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় রবিবার সকালে ভিকটিমের মা বাদী হয়ে থানায় মামলা করেন। পুলিশ অভিযুক্তকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান পৃথক দুটি ধর্ষণের ঘটনা, মামলা ও দুই অভিযুক্তকে গ্রেফতারের বিষয়ে নিশ্চিত করেন। একই সঙ্গে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা দুটি নিষ্পত্তি করার কথা জানান তিনি।

ইত্তেফাক/এমএএম