গোলাপ অঞ্চলের শিরোপা লাভ

চট্টগ্রামে ৪৮তম শীতকালীন ক্রীড়া

স্পোর্টস রিপোর্টার, চট্টগ্রাম অফিস খুলনা ও বরিশাল শিক্ষা উপ-অঞ্চল নিয়ে গঠিত গোলাপ অঞ্চল জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির শীতকালীন আসরের অ্যাথলেটিক্স শিরোপা অক্ষুণ্ন রেখেছে। টানা এক যুগ ধরে এই অঞ্চলের ক্রীড়াবিদরা অ্যাথলেটিক্সের ট্র্যাকে রাজত্ব করে আসছে। এখনো তাদের ১২ বছরের রেকর্ড ভাঙতে পারেনি অন্য কোনো অঞ্চল। গত ২২ জানুয়ারি থেকে বন্দরনগরী চট্টগ্রামে শুরু হওয়া ৪৮তম শীতকালীন ক্রীড়া আসরের অ্যাথলেটিক্সে ২৯৩ পয়েন্ট লাভ করে এই কৃতিত্ব দেখায় গোলাপ অঞ্চল। পাঁচদিনের এই আসরে রানার্সআপ ট্রফি লাভ করে চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট শিক্ষা উপ-অঞ্চল নিয়ে গঠিত বকুল অঞ্চল। বান্দরবানের কোয়ান্টাম কসমো স্কুল, নোয়াখালীর আহমদিয়া আদর্শ স্কুল ও ফেনীর বিষ্ণুপুর স্কুলের ক্রীড়াবিদদের কল্যাণে বেশ কয়েক বছর পর দ্বিতীয় স্থানে উঠে আসতে সক্ষম হয়। চার অঞ্চলের মধ্যে বকুল অর্জন করে ১৪৫ পয়েন্ট।