হাত পা বেঁধে মাদরাসা ছাত্রকে মারধর, শিক্ষক গ্রেফতার

বাগেরহাটের রামপালে না বলে বাড়িতে চলে যাওয়ার অপরাধে শুকুর শেখ (১১) নামে এক মাদরাসা ছাত্রকে বেঁধে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। পরে মারধরের অভিযোগে মাদরাসার শিক্ষক সৈয়দ মো. ওসমান গনিকে (৩০) গ্রেফতার করে পুলিশ।

রবিবার (২১ মার্চ) রামপাল উপজেলা সদরের শ্রীফলতলা উত্তর হাজি আরিফ কেরাতুল কোরান হাফেজিয়া মাদরাসার একটি কক্ষে আটকে রেখে এই ছাত্রকে মারধর করে ওই শিক্ষক। ওই দিন রাতেই পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ছাত্রকে উদ্ধার করে। ছাত্রের বাবা মনি শেখ বাদী হয়ে রামপাল থানায় শিক্ষকের বিরুদ্ধে একটি মামলা করেন। 

মামলার বরাতে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুউদ্দিন জানান, শনিবার সকালে রামপাল উপজেলা সদরের শ্রীফলতলা উত্তর হাজি আরিফ কেরাতুল কোরান হাফেজিয়া মাদরাসার নজরানা শাখার আবাসিক শিক্ষার্থী শুকুর শেখ মাদরাসার কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়। পরদিন রবিবার সকালে সে মাদরাসায় ফিরে আসলে শিক্ষক ওসমান গনি একটি কক্ষে নিয়ে তার হাত ও পা বেঁধে লাঠি দিয়ে পেটান। এতে তার শরীরের বিভিন্ন স্থানে ফোলা দাগ হয়ে যায়। স্থানীয়দের মাধ্যমে পুলিশ এই খবর জানতে পেরে সেখানে যেয়ে মাদরাসা ছাত্রকে উদ্ধার করে। এই ঘটনায় মাদরাসা শিক্ষক ওসমান গনির জড়িত থাকার অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করা হয়। আহত ছাত্রের বাবার মামলার প্রেক্ষিতে সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ইত্তেফাক/এসজেড