ইত্তেফাক রিপোর্ট
ব্যবসায়ীরা আগে কাস্টমস নিয়ে যে ধরনের হয়রানির কথা বলতেন এখন সেরকম হয়রানি নেই বলে দাবি করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া। ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি হয়েছে বলেও দাবি তার। গতকাল শনিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবন প্রাঙ্গণে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরুর প্রাক্কালে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, কাস্টমস অনেক আগেই আধুনিকায়ন হয়েছে। আমাদের কাজ জনসচেতনতা সৃষ্টি করা। আমরা সেই কাজ করে যাচ্ছি। আমরা ব্যবসাবান্ধব পরিবেশ সৃষ্টি করেছি। র্যালিতে এনবিআরের কাস্টমস বিভাগের কর্মকর্তা ছাড়াও নাট্যাঙ্গন, সংগীত ও চিত্রজগতের খ্যাতিমান শিল্পীরা উপস্থিত ছিলেন।
এ সময় এনবিআর চেয়ারম্যান কাস্টমস বিভাগের আধুনিকায়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন। আমদানিকৃত পণ্যের শুল্ক মূল্যায়নে অত্যাধুনিক ‘অ্যাসাইকুডা ওয়ার্ল্ড’ পদ্ধতি প্রবর্তন হয়েছে। এছাড়া অথরাইজড ইকোনমিক অপারেটর (এইও), ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো, প্রাক আগমন প্রক্রিয়া, অগ্রিম মূল্য ঘোষণা, অনলাইনে পণ্যের নিলাম প্রক্রিয়া বাস্তবায়ন হয়েছে। রাজস্ব আহরণের পাশাপাশি প্রতিবেশী দেশ ও অন্যান্য দেশের সীমান্ত সংস্থার মধ্যে আধুনিক ও স্বয়ংক্রিয় ব্যবস্থায় তথ্য আদান-প্রদানের মাধ্যমে আন্তর্জাতিক বৈধ বাণিজ্যকে নির্বিঘ্ন করতেও উদ্যোগ নেওয়া হয়েছে।
এনবিআর চেয়ারম্যান ছাড়াও শোভাযাত্রায় চিত্রনায়ক ফেরদৌস, ফজলুর রহমান বাবু, ওমর সানী, মৌসুমী, পূর্ণিমা, নৃত্যশিল্পী নাদিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়া গতকাল সন্ধ্যায় কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর শেরে বাংলা নগরের বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সেমিনার অনুষ্ঠিত হয়। এতে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ছাড়াও বাণিজ্য ও শিল্পমন্ত্রী এবং ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ রিপোর্ট লেখা পর্যন্ত ওই সেমিনার চলছিল।