জাপানের রপ্তানিতে ধাক্কা

বিশ্বের তৃতীয় বড় অর্থনীতির দেশ জাপানের অর্থনীতিতে ধাক্কা পড়তে শুরু করেছে। আন্তর্জাতিক পর্যায়ে চাহিদা কম থাকায় ডিসেম্বরে দেশটির রপ্তানি দুই বছরেরও বেশি সময়ের মধ্যে সর্বোচ্চ পতনের সম্মুখীন হয়েছে। অর্থনীতির এ অবস্থায় বিনিয়োগ করতেও আস্থা পাচ্ছেন না বেশিরভাগ ব্যবসায়ী। অন্যদিকে অর্থনীতি চাঙ্গা করতে নীতিনির্ধারকরা ২ শতাংশের মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রা নির্ধারণ করলেও তা অর্জন করতে পারছে না দেশটি। এতে দেশটির অর্থনীতিতে চাপ বাড়ছে। বিশ্ব অর্থনীতিতে নানামুখী চাপের ফলেই দেশটি এ অবস্থার মুখে পড়ছে। আগামী অর্থবছরে দেশটি মন্দায় পড়তে পারে বলেও কিছু অর্থনীতিবিদ আশঙ্কা প্রকাশ করেছেন। তারা বলছেন, চীনের সেমিকন্ডাক্টরস, মোবাইল ফোনসহ অন্যান্য নির্মাতা প্রতিষ্ঠানের জন্য গুরুত্বপূর্ণ পণ্য সরবরাহকারী জাপান। চীনের অর্থনৈতিক শ্লথগতি ও যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যযুদ্ধের কারণে এসব পণ্যের চাহিদা কমে গেছে, যার প্রভাব পড়ছে জাপানের রফতানিতে।