অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে চলমান প্রবল বন্যার মধ্যেই বিয়ে করলেন এক যুগল। তাদের বিয়ের এক ছবিতে দেখা গেছে, বন্যার পানিতে ডুবো ডুবো এক সড়কের ওপর আলিঙ্গনাবদ্ধ হয়েছেন তারা। মঙ্গলবার (২৩ মার্চ) এ খবর দিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি।
কেট ফদারিংহ্যাম নামের এ কনে আগেই বিয়ের দিন ঠিক করে রেখেছিলেন। নির্ধারিত দিনে কেট দেখতে পান তার বাড়ির চারপাশ বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে। তবে তিনি বিয়ের সিদ্ধান্ত থেকে একচুলও সরেননি। এ অবস্থায় তিনি বিয়ের স্থানে পৌঁছাতে সহায়তা চেয়ে টুইটারে একটি পোস্ট করেন।
খবরে প্রকাশ, সেই টুইট দেখে কেটকে সহায়তা করতে এগিয়ে আসে স্থানীয় একটি টেলিভিশন চ্যানেল। বিয়ের পোশাক পরিহিত কেটকে হেলিকপ্টারে করে বিয়ের নির্ধারিত স্থানে নামিয়ে দেওয়া হয়। এ কথাও টুইট করেন কেট। তার কিছুক্ষণ পরেই ঘটনাটি ভাইরাল হয়ে যায়। এক প্রতিক্রিয়ায় কেট বলেন, বন্যা দেখে আমি কিছুটা ভেঙে পড়েছিলাম, কেঁদেওছি। তারপর ভেবেছি যাই হোক, আমরা এখন বিষয়টার মুখোমুখি হবো।
অনেকটা আশ্চর্যজনকভাবে বন্যার কারণে আরেকটি বিয়েতে যেতে না পারা একটি খাবার সরবহারকারী প্রতিষ্ঠান কেটের বিয়েতে খাবার দিতে রাজি হয় আর অনুষ্ঠানের অতিথিরা সাজগোজ সেরে নেন নিজেরাই। অবশেষে নির্ধারিত সময়ের মাত্র ১৫ মিনিট পরে অনুষ্ঠানস্থলে পৌঁছান কনে।
টুইটে কেট জানান, ‘আমি চার্চে পৌঁছাই এবং আমার প্রাণের ভালোবাসাকে বিয়ে করি।’ বন্যার পানিতে তলিয়ে থাকা একটি রাস্তার ওপর বর-কনের চুম্বনরত ছবিসহ সেই পোস্ট ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমগুলোতে।
ইত্তেফাক/এসএ