অগ্রাধিকার দর্শনার্থীদের সুরক্ষায়। তাই স্থানান্তরিত করা হচ্ছে বন্যপ্রাণীদের। ভারতের গুজরাটের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে বন্যপ্রাণী সংরক্ষণ নিয়ে কাজ করা সংগঠন ও কর্মীদের মধ্যে।
সম্প্রতি গুজরাটের নর্মদা নদীর উপরে ‘স্ট্যাচু অফ ইউনিটি’ পরিদর্শন করতে আসা দর্শনার্থীদের সুরক্ষা দেওয়ার জন্য নতুন একটি পদক্ষেপ করেছে সেই রাজ্যের সরকার। বন দপ্তরের কাছে নির্দেশ গিয়েছে যে, নর্মদা থেকে ৩০০টি কুমিরকে স্থানান্তরিত করতে হবে। জলপথে যে সকল দর্শনার্থী ‘স্ট্যাচু অফ ইউনিটি’ দেখতে চান, মূলত তাদের সুরক্ষার জন্যই এই ব্যবস্থা বলে জানানো হয়েছে। খবর আনন্দবাজার পত্রিকা
এই কুমিরগুলি লম্বায় প্রায় তিন মিটার পর্যন্ত হতে পারে বলে জানা গিয়েছে। লোহার খাঁচায় বন্দি করে তারপর ট্রাকে করে সেগুলোকে পাঠানো হবে রাজ্যের অন্যত্র। এর মধ্যেই ১২টি কুমিরকে স্থানান্তরিত করাও হয়েছে বলে জানানো হয়েছে বন-দপ্তর থেকে। কিন্তু এই ঘটনায় মোটেই খুশি হতে পারেননি বন্যপ্রাণী সংরক্ষণ সংগঠনের কর্মীরা।