উপজেলা পরিষদ নির্বাচন বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত সাত, আহত ১০

ইত্তেফাক ডেস্ক

দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় সাতজন নিহত ও দশজন আহত হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা।

গোপালপুর (টাঙ্গাইল): শনিবার সকালে গোপালপুরে ইট ভাঙানোর মেশিন সংযুক্ত একটি ট্রাক্টর খাদে পড়ে চালক নিহত হয়েছেন। নিহতের নাম তোফাজ্জল হোসেন। তিনি পৌর শহরের সুন্দর গ্রামের ইনসান আলীর ছেলে। গোপালপুর থানার ওসি হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নেত্রকোনা: শুক্রবার বিকালে অটো চাপায় নেত্রকোনার খালিয়াজুরীর নূরপুর বোয়ালী গ্রামের এক শিশু নিহত হয়েছে। তার নাম আদি হোসেন চৌধুরী (৬)। সে নূরপুর বোয়ালী গ্রামের আলী হোসেন চৌধুরী পিন্টুর ছেলে।

খালিয়াজুরী থানার ওসি মো. হযরত আলী জানান, অটোর ড্রাইভার মো. আওয়ালকে পুলিশ গ্রেফতার করেছে।  

রাঙ্গামাটি: রাঙ্গামাটির বাঘাইছড়ির সাজেকে শুক্রবার সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত ও একজন গুরুতর আহত হয়েছে। নিহতের নাম পরান চাকমা (২৮)। সে করেঙ্গাতলীর দেবরাজ চাকমার ছেলে। 

সাজেক থানার ওসি আনোয়ারুল ইসলাম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং জিপ গাড়ি ও মোটরসাইকেল দুটি পুলিশ হেফাজতে আছে বলে জানিয়েছেন।

ফুলবাড়ী (কুড়িগ্রাম): শুক্রবার সন্ধ্যায় ফুলবাড়ীতে শ্যালো ইঞ্জিনচালিত ইট বোঝাই ট্রলির চাপায় অটোবাইকের যাত্রী নিহত হয়েছেন। এ সময় পাকা রাস্তার ওপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়েছে ওই গৃহবধূর আট মাসের মেয়ে সুমাইয়া। নিহতের নাম জাহানারা বেগম (৩২)। তিনি পার্শ্ববর্তী লালমনিরহাট জেলার মোগলহাট ইউনিয়নের কাফেয়া গ্রামের শাবের আলীর স্ত্রী। ফুলবাড়ী থানার ওসি খন্দকার ফুয়াদ রুহানী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মদন (নেত্রকোনা): মদনে শনিবার সন্ধ্যায় ট্রলি চাপায় এক ঠেলাগাড়ি চালক নিহত হয়েছেন। তিনি হলেন আটপাড়া উপজেলার সুখারী গ্রামের উকিল উদ্দিনের ছেলে ইসলাম উদ্দিন (৫০)। এ সময় একই উপজেলার সুখারী গ্রামের শান্তা ও জাফরিন নামে দুই পথচারী আহত হন।

কালিহাতী (টাঙ্গাইল): শনিবার বিকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে কালিহাতীতে বাস চাপায় এক ভ্যানযাত্রী নিহত হয়েছে। তার নাম বাবলু (২৮)। সে ভূঞাপুর উপজেলার মাছুয়াটা গ্রামের আব্দুল বারেকের ছেলে। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ভ্যানচালক।

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ): গোমস্তাপুরে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত স্কুল শিক্ষিকা শিল্পী খাতুন (৪০) শনিবার দুপুরে মারা গেছেন। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় তার মৃত্যু হয়। শুক্রবার দুপুরে রহনপুর-আড্ডা আঞ্চলিক সড়কের মিশন মোড়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে তিনি গুরুতর আহত হন।

শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শুক্রবার রাতে শায়েস্তাগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের লস্করপুর রেলগেটে প্রাইভেট কার ও সিএনজি (অটোরিক্সা) মুখোমুখি সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। খবর পেয়ে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার সার্জেন্ট মোস্তাফিজুর রহমান ঘটনাস্থলে পৌঁছে প্রাইভেট কার ও সিএনজি আটক করে থানায় নিয়ে গেছেন।