ইউএনও বললেন সরিয়ে দেওয়া হবে
চৌহালী (সিরাজগঞ্জ) সংবাদদাতা
এনায়েতপুরে ঐতিহ্যবাহী ওরস মেলা জেলা প্রশাসনের অনুমোদনের নির্ধারিত সময়সীমায় শেষ হলেও দোকানপাট না সরার অভিযোগ উঠেছে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে—হযরত শাহ সুফী খাজা ইউনুছ আলী এনায়েতপুরী (র.) ১০৪তম ওরস উপলক্ষে ১০৪তম উত্তরবঙ্গের বৃহত্ মেলার আয়োজন করা হয়। গত ১০ জানুয়ারি থেকে শুরু হয়ে মেলা চলে ২৩ জানুয়ারি পর্যন্ত। ঐদিন রাতে আনুষ্ঠানিকভাবে মাইকে ঘোষণা দিয়ে মেলা থেকে দোকানদারদের চলে যেতে বলে এনায়েতপুর থানা পুলিশ এবং আয়োজকরা। প্রায় কয়েকশ’ দোকান সরে গেলেও মেলা মন্দাভাব অজুহাতে এখনো বিদ্যমান বেশিরভাগ দোকান। এ ব্যাপারে টাঙ্গাইলের ব্যবসায়ী মোরশেদ আলম, কাজিপুরের শিমুল দাইড়ের জুয়েল হোসেন, ঢাকার মোতালেব হোসেন, সাদ্দাম হোসেন জানান, মেলার মেয়াদ শেষ হলেও আমাদের আরো কয়েকদিন থাকতে না দিলে মালামাল নিয়ে পথে বসতে হবে। এনায়েতপুর থানার ওসি মাহবুবুল আলম বলেন, ‘মেলার মেয়াদ শেষ হওয়ায় মেলা থেকে দোকানদারদের সরে যেতে হবে।’ চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছানোয়ার হোসেন বলেন, ‘মেয়াদ শেষ হওয়ায় মেলা এখন নিষিদ্ধ। তাই দ্রুতই মেলার দোকানিদের সরিয়ে দেওয়া হবে।’