ধামইরহাটে আওয়ামী লীগের চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ২৪ !

উপজেলা পরিষদ নির্বাচন

ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা

নওগাঁর ধামইরহাটে জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচনের গুঞ্জন। গ্রামের মোড়ে, চায়ের দোকানে ও রাস্তাঘাটে আলোচনার একটাই বিষয় উপজেলা পরিষদ নির্বাচন। চেয়ারম্যান পদে আওয়ামী লীগের ১২ জন, ভাইস চেয়ারম্যান পদে পুরুষ ও মহিলা মিলে ১২ জনের নাম উপজেলার সর্বত্রই আলোচনার কেন্দ্র বিন্দুতে।

জানা গেছে, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সহ-সভাপতি নূরুজ্জামান হোসেন, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আজাহার আলী, সাংগঠনিক সম্পাদক আনম আফজাল হোসেন, গত নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের প্রার্থী এটিএম বদিউল আলম, ইউপি চেয়ারম্যান ও আড়ানগড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শাহজাহান আলী কমল, ধামইরহাট ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান, ইউনিয়ন চেয়ারম্যান আবু ওয়াদুদ শ্যামা, ইউনিয়ন চেয়ারম্যান ওসমান আলী ও দলিল লেখক সভাপতি আব্দুল গফুরের নাম শোনা যাচ্ছে। আওয়ামী লীগের মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা লীগ সভানেত্রী আঞ্জুয়ারা, সাবেক সভানেত্রী কবিতা পারভীন, মহিলা লীগ সম্পাদিকা আরজিনা বেগম, ফাতেমা আখতার, তমা আখতার ও সাবিনা এক্কা এবং পুরুষ ভাইস চেয়ারম্যান পদে উপজেলা যুবলীগ সভাপতি জাবিদ হোসেন মৃদু, সহ-সভাপতি সেলিম মাহমুদ রাজু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আব্দুল হাই দুলাল, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি সাবুবুর রহমান সাবু, ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসানের নাম শোনা যাচ্ছে।

অপরদিকে জাতীয় পার্টি থেকে চেয়ারম্যান পদে এককভাবে সিনিয়র সহ-সভাপতি হান্নান দেওয়ান ও ভাইস চেয়ারম্যান পদে সাধারণ সম্পাদক গোলাম রসুল ইসার নাম জানিয়েছে দলীয় সূত্র। তবে উপজেলা বিএনপির সভাপতি মাহবুবার রহমান চৌধুরী চপল জানিয়েছেন, কেন্দ্রের সিদ্ধান্ত না থাকায় ২০ দলীয় জোট বা ঐক্যফ্রন্টের কোনো প্রার্থী এখন পর্যন্ত আমাদের নেই। দলীয় সিদ্ধান্ত আসলে তখন প্রার্থিতা ঘোষণা করা হবে।