উপজেলা পরিষদ নির্বাচন
পলাশ (নরসিংদী) সংবাদদাতা
পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী বাছাই উপলক্ষে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভা হয়েছে। এতে পলাশ উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সভাপতি সৈয়দ জাবেদ হোসেনকে এবারও আওয়ামী লীগের একক চেয়ারম্যান প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়। উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ও পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ডা. আনোয়ারুল আশরাফ খান দিলীপের সভাপতিত্বে বর্ধিত সভায় বক্তব্য রাখেন ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র মোঃ শরীফুল হক শরীফ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কবির মৃধা, ঘোড়াশাল পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস.এম সফি প্রমুখ। এ সময় আওয়ামী লীগের একক প্রার্থী হিসেবে সৈয়দ জাবেদ হোসেনকে চেয়ারম্যান প্রার্থী মনোনীত করে রেজুলেশনও করা হয়।
এদিকে পুরুষ ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কারি উল্লা সরকার ও উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকা সেলিনা আক্তারকে মহিলা ভাইস চেয়ারম্যান পদে দলীর প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়।