ত্রিশাল (ময়মনসিংহ) সংবাদদাতা
ত্রিশাল উপজেলা শহরের মেইন রাস্তার উপর সুতিয়া ব্রিজের দু’পাশে অবৈধ দোকানপাট গড়ে উঠায় ও ভিক্ষুকদের ভিক্ষাবৃত্তি পেশার ভিড়ে এ স্থানে যানজট চরম আকার ধারণ করেছে।
ভুক্তভোগীরা জানান, ত্রিশাল শহরে একমাত্র প্রবেশপথের উপর নির্মিত সুতিয়া নদী ব্রিজ। কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী ও হাজার হাজার পথচারী এ ব্রিজের উপর দিয়ে যাতায়াত করে থাকে।
কিন্তু ব্রিজের দু’পাশে রেলিং ঘেঁষে পথচারী যাতায়াতের খালি জায়গার উপর অবৈধ দোকানপাট গড়ে উঠা ও অর্ধশত ভিক্ষুক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে ভিক্ষাবৃত্তি করায় পথচারীদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টি হয়। ফলে পথচারীদের প্রায়ই দুর্ঘটনার শিকার হতে হয়। ব্রিজের উপর দুর্ঘটনাকবলিত হয়ে পথচারীর মৃত্যু ও অনেকে পঙ্গুত্ব বরণ করেছে বলে নজীর রয়েছে। প্রশাসন মাঝে-মধ্যে এদের উচ্ছেদ করলেও দু’চারদিন না যেতেই দোকানি ও ভিক্ষুকরা পুনরায় এ স্থান নিজেদের দখলে নিয়ে নেয়। এলাকাবাসী এর স্থায়ী প্রতিকার দাবি করে আসছে।