শহীদ কামারুজ্জামান উদ্যান ও চিড়িয়াখানায় চা গাছের চারা রোপণ

স্টাফ রিপোর্টার, রাজশাহী

চা বাগান তৈরির উদ্দেশ্যে শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় শুক্রবার চা গাছ রোপণ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।

ওই উদ্যান ও চিড়িয়াখানার দক্ষিণ পাশের উঁচু মাটিতে কিছুদিন আগে পরীক্ষামূলক কয়েকটি চা গাছের চারা রোপণ করা হয়। গাছের চারার বৃদ্ধি ও নতুন পাতা দেখে চা গাছ আবাদে আশাবাদী হন সংশ্লিষ্টরা। এরপর সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি মেয়র খায়রুজ্জামান লিটনের নজরে আনলে তিনি চা গাছ লাগানোর ব্যাপারে সম্মতি ও উত্সাহ দেন। এরই ধারাবাহিকতায় শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যান ও চিড়িয়াখানায় চা বাগান তৈরির শুভ সূচনা করলেন মেয়র। এ সময় উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের ১৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল মোমিন, ভেটেরিনারি সার্জন ডা. ফরহাদ হোসেন প্রমুখ।