ইত্তেফাক রিপোর্ট
যথাযথ মর্যাদায় ভারতের ৭০তম প্রজাতন্ত্র দিবস উদযাপন করেছে ঢাকায় ভারতীয় হাইকমিশন। গতকাল সকালে বারিধারার চ্যান্সেরি কমপ্লেক্সে দেশটির জাতীয় সংগীত ও পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠান উদ্বোধন করেন ভারপ্রাপ্ত হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। তিনি এ সময় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের শুভেচ্ছা বার্তা পাঠ করে শোনান। ভারতের রাষ্ট্রপতি তার শুভেচ্ছা বার্তায় বলেন, এই দিবসটি আমাদের গণতন্ত্র ও প্রজাতন্ত্রের মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়। এই দিন স্বাধীনতার প্রতি আমাদের অঙ্গীকার পুনর্ব্যক্ত করার সুযোগ দেয়। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে দেশটির ঐতিহ্য উঠে আসে নৃত্য ও কোরিওগ্রাফির মাধ্যমে। এ সময় বাংলাদেশে ভারতীয় কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বহু মানুষের পদচারণায় যেন মিলনমেলায় পরিণত হয় ভারতীয় হাইকমিশন। দিবসটি উপলক্ষে দিনভর নানা অনুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশনে।