ন্যায়ভিত্তিক সমাজ গড়তে সবাইকে দায়িত্বশীল হতে হবে -তথ্যমন্ত্রী

 ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন

ইত্তেফাক রিপোর্ট

সহিংসতা-উগ্রবাদ বিশ্বব্যাপী সমস্যা। বাংলাদেশ এই সমস্যা থেকে মোটেও বিচ্ছিন্ন নয়। সামান্য কারণে পাশবিক নির্যাতনের মতো ঘটনাও ঘটছে। আবার উল্লাস থেকে উন্মাদনার ঘটনাও সংঘটিত হচ্ছে। সমাজকে সহিংসতা ও উগ্রবাদ থেকে মুক্ত করতে হলে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি সবার সহযোগিতার প্রয়োজন । একই সাথে ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে বলে মত প্রকাশ করেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি।

গতকাল শনিবার সিরডাপ মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজিত ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে এমন্তব্য করেন তথ্যমন্ত্রী। মানুষের জন্য ফাউন্ডেশনের সম্প্রীতি প্রকল্প অনুষ্ঠান আয়োজন করে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আরও উপস্থিত ছিলেন, মানুষের জন্য ফউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী শাহরিয়ার মান্নান।

উদ্বোধনী প্রতিযোগিতায় ‘রাজনৈতিক দলগুলোর দায়িত্বপূর্ণ ভূমিকাই পারে সহিংস উগ্রবাদ বন্ধ করতে’ শীর্ষক বিষয়ে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের পরাজিত করে লালমাটিয়া মহিলা কলেজ বিজয়ী হয়। উদ্বোধনী দিন মোট ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে ৮টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়। ‘সহিংস উগ্রবাদ বিরোধী’ বিতর্ক প্রতিযোগিতার বিজয়ী হয় লালমাটিয়া মহিলা কলেজ।