চট্টগ্রাম অফিস
নগরীর আগ্রাবাদে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে গতকাল শনিবার থেকে তিন দিনব্যাপী তথ্যপ্রযুক্তি মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। চট্টগ্রাম চেম্বার ও সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালস যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। মেলায় ভারতের দুটি সফটওয়্যার প্রতিষ্ঠানসহ ৩০টি প্রতিষ্ঠানের ৫৮টি স্টল রয়েছে। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে।
চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলমের সভাপতিত্বে উদ্বোধনীতে শিক্ষা উপমন্ত্রী বলেন, দেশে ব্যবসার বিভিন্ন ক্ষেত্র আছে। অন্যান্য ক্ষেত্রের মতো তথ্যপ্রযুক্তি খাতেও আমরা এগিয়ে যাচ্ছি। তবে প্রতিষ্ঠিত ব্যবসায়ীদের এই খাতে বিনিয়োগ করতে হবে। চট্টগ্রামে আইটি খাতের প্রসারে সরকার উদ্যোগী হয়েছে। অনুষ্ঠানে সোসাইটি অব চিটাগাং আইটি প্রফেশনালসের সভাপতি মো. আবদুল্লাহ ফরিদ ও চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি সৈয়দ জামাল আহমেদ বক্তব্য রাখেন।