বরিশালে ক্রীড়া অনুষ্ঠানে হামলায় স্কুলছাত্র আহত, আটক দুই

বরিশাল অফিস

বরিশাল সদর উপজেলার পতাং মাধ্যমিক বিদ্যালয়ে গতকাল ক্রীড়া প্রতিযোগিতা চলাকালে স্কুল ছাত্র মামুন গাজীকে কুপিয়ে আহত করেছে সন্ত্রাসীরা। আহত মামুন পতাং এলাকার আবুল কালাম গাজীর ছেলে ও স্কুলের দশম শ্রেণির ছাত্র। এ ঘটনায় চরকাউয়ার মাসুদ রানার ছেলে হাসিব ও দিনারের সোহেল খানের ছেলে শান্তকে গ্রেফতার করেছে পুলিশ। 

পুলিশ ও স্থানীয়রা জানান, পতাং মাধ্যমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি ছিলেন পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম এবং উদ্বোধক ছিলেন সিটি মেয়র সাদিক আবদুল্লাহ। অতিথিদের যাওয়ার খবরে স্বেচ্ছাপ্রণোদিত হয়ে পতাং মোড়ে প্রতিমন্ত্রী কর্নেল (অব.) শামীম ও মেয়র সাদিকসহ বঙ্গবন্ধুর ছবি সংবলিত একটি তোরণ নির্মাণ করা হয়। তোরণে বঙ্গবন্ধুর ছবি ছোট এবং সবার নীচে দেওয়া হয়। এ কারণে তোরণটি সরিয়ে নিতে শুক্রবার চিঠি দেন সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি চরকাউয়ার ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম ছবি। কিন্তু কথিত আওয়ামী লীগ নেতা মাশরুল আলম নাসির মিয়া তোরণটি সরিয়ে নেননি।