এহসানুল হক ফটিক
চাঁদপুরের মতলব উত্তর উপজেলা বিএনপির সভাপতি এহসানুল হক ফটিক গতকাল শনিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তার মৃত্যুতে চাঁদপুর-২ নির্বাচনী আসনে ধানের শীষের প্রার্থী ড. জালাল উদ্দিন, সাবেক প্রতিমন্ত্রী প্রয়াত নুরুল হুদার জ্যেষ্ঠপুত্র তানভীর হুদা, দলীয় বিভিন্ন নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।
আবদুর রহিম
কচুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবদুর রহিম (৫৬) গত শুক্রবার রাতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়ে রেখে গেছেন। গতকাল শনিবার জানাজা শেষে উপজেলাধীন বলরা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য ডা. এ কে এস এম শহীদুল ইসলাম ও কচুয়া উপজেলার জাতীয় পার্টির সভাপতি এমদাদুল হক রুমন শোকসন্তপ্ত পরিবারের প্রতি শোক প্রকাশ করেছেন।
এম জি মাহফুজ
কুমিল্লার প্রবীণ সাংবাদিক, কুমিল্লা প্রেসক্লাবের চার বারের সাবেক সহ-সভাপতি, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও কুমিল্লা শিক্ষাবোর্ডের প্রাক্তন উপ-সচিব (প্রশাসন) এম জি মাহফুজ (৭৯) গত মঙ্গলবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি....রাজিউন)। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন। গত বৃহস্পতিবার কুমিল্লা শিক্ষাবোর্ড ও কুমিল্লা প্রেসক্লাব প্রাঙ্গণ এবং বাদ জোহর গ্রামের বাড়ি জেলার বরুড়া উপজেলার অর্জুনতলায় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
হোসনে আরা বেগম
সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. ফরিদুল হুদার সহধর্মিণী হোসনে আরা বেগম গত বৃহস্পতিবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি ৪ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ এশা ঢাকার গ্রিন রোডে গ্রিন কর্নারে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের লোকনাথ দীঘির উদ্যান (টেংকেরপাড়) জামে মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় ও জেলার আশুগঞ্জ উপজেলায় কামাউড়া ঈদগাহ ময়দানে তৃতীয় জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
আবুল হোসেন
নাটোরের গুরুদাসপুর উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক সেনা কর্মকর্তা আবুল হোসেন (৬৭) হূদরোগে আক্রান্ত হয়ে গত বুধবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। গত বুধবার বাদ মাগরিব তার বাড়ির পাশের চাতালে জানাজা শেষে পুড়ানপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও নাটোর জেলা জাতীয় পার্টির সভাপতি সাবেক এমপি মজিবুর রহমান সেন্টু, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আবুল কাশেম সরকার, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক দিল মোহাম্মদ মোল্লা গভীর শোক প্রকাশ করেছেন।