ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স --------- অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী ঘুষ দুর্নীতির বিরুদ্ধে এক ধরনের যুদ্ধ ঘোষণা করেছেন। তাই ঘুষ-দুর্নীতির বিরুদ্ধে আমাদের ‘জিরো টলারেন্স’ থাকবে। দেশকে এই দুইটা  অপরাধ থেকে মুুুুক্ত করা হবে। গতকাল শনিবার বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে সংবর্ধনা ও বিশেষ দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অর্থমন্ত্রী এসব কথা বলেন। তিনি আরও বলেন, আমাদের নবীজি ঘুষ-দুর্নীতি পছন্দ করতেন না।  আমাদের সবার উচিত প্রিয় নবীর পথ অনুসরণ করা। যাকাত দেওয়ার বিষয়ে অর্থমন্ত্রী  বলেন, উপযুক্তদের সবাইকে যাকাত দিতে হবে। এটা ট্যাক্স নয়, যাকাত গরিবের হক। অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, হজ অ-ব্যবস্থাপনায় ছাড় দেওয়া হবে না। এ নিয়ে কেউ দুর্নীতি করলে সহ্য করা হবে না। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের সভাপতি এ এম এম বাহাউদ্দীন। এসময় আরও উপস্থিত ছিলেন সংসদ সদস্য বজলুল হারুন ও দেশের মাদরাসা শিক্ষক কর্মচারী পেশাজীবীরা।

স্ক্যানিং ছাড়া কোনো

পণ্য খালাস নয়

বন্দরে শুল্ক ব্যবস্থায় অনিয়ম প্রতিরোধে আমদানি পণ্য শতভাগ স্ক্যানিং ছাড়া  কোনো পণ্য খালাস করা যাবে না বলে ঘোষণা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ লক্ষ্যে শুল্ক বিভাগকে শতভাগ অটোমেশনের আওতায় আনার কথাও জানিয়েছেন তিনি। গতকাল শনিবার আন্তর্জাতিক কাস্টমস দিবস উপলক্ষে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আয়োজিত ওই সভায় শিল্প মন্ত্রী, বাণিজ্য মন্ত্রী, শুল্ক বিভাগের শীর্ষ কর্মকর্তা ছাড়াও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।

সম্প্রতি কাস্টমসে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত পণ্য অভিনব জালিয়াতির মাধ্যমে খালাস হয়ে গেছে বলে শুল্ক গোয়েন্দা বিভাগের পরীক্ষায় ধরা পড়েছে। এ নিয়ে ব্যাপক শোরগোল তৈরি হয় রাজস্ব অঙ্গনে। এতে হাজার হাজার কোটি টাকার রাজস্ব ফাঁকি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এমন আলোচনার মধ্যেই নতুন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী পণ্য খালাসে শতভাগ স্ক্যানিংয়ের কথা জানালেন।

অর্থমন্ত্রী বলেন, কাস্টমসে পণ্য খালাস পদ্ধতি সহজ ও অটোমেশন হলে ব্যবসা-বাণিজ্য বাড়বে। রাজস্ব আহরণও বাড়বে। এজন্য পণ্য খালাস শতভাগ স্কেনিংয়ের ব্যবস্থা থাকতে হবে। এছাড়া বৈশ্বিক নীতি অনুসরণ করে সমজাতীয় পণ্যে একই শুল্কহার প্রয়োগের বিষয়টিও স্মরণ করে দেন তিনি।

বহুল আলোচিত ভ্যাট আইন আগামী জুলাই থেকে বাস্তবায়ন হবে জানিয়ে তিনি বলেন, তবে ভ্যাটের একক হার না রেখে অনেকগুলো হার রাখতে হবে। উচ্চ, মধ্য ও নিম্নহারের পণ্যভেদে এ হার নির্ধারিত হবে।

এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক বিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সি এফবিসিআইয়ের সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন ও আন্তর্জাতিক সংগঠন আইএফসির বাংলাদেশ, ভুটান, নেপাল ও ইন্দোনেশিয়ার কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি জো ওয়ার্নার প্রমুখ।