গাইবান্ধা-৩ আসনে নির্বাচন আজ

জাতীয় সংসদের স্থগিতকৃত গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নির্বাচন আজ। এ উপলক্ষে সাদুল্লাপুর ও পলাশবাড়ী উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। একাদশ সংসদ নির্বাচনে এ আসনের ঐক্যফ্রন্ট সমর্থিত ধানের শীষের প্রার্থী জাপার (জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী গত ২০ ডিসেম্বর মারা যান। ফলে ইসি এ আসনের নির্বাচন স্থগিত করে গত ২৩ ডিসেম্বর পুনঃতফসিল ঘোষণা করে।

গতকাল শনিবার ভোটগ্রহণ কর্মকর্তারা আইন-শৃঙ্খলা বাহিনীসহ নির্বাচনী সরঞ্জামাদি নিয়ে আসনটির ১৩২টি ভোট কেন্দ্রে চলে গেছেন বলে জানা গেছে। সন্ধ্যায় জেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, সকল প্রস্তুতি শেষে ভোট গ্রহণের জন্য নিয়োগকৃত ১৩২ জন প্রিজাইডিং কর্মকর্তা, ৭৮৬ জন সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও ১৫৭২ জন পোলিং কর্মকর্তা এখন ভোট কেন্দ্রে অবস্থান করছেন। তিনি জানান, এ আসনে মোট ভোটার ৪ লাখ ১১ হাজার ৮৫৪ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৭৪৬ জন এবং নারী ২ লাখ ১১ হাজার ১০৮ জন।

গাইবান্ধা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান মিয়া বলেন, নির্বাচনের দিন দুই উপজেলায় ২ হাজার ৫শ’ পুলিশ সদস্য, বিজিপি ২০ প্লাটুন, র্যাব ২০ প্লাটুন ও ১৫শ’  ৮৪ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবেন।

ভোটের লড়াইয়ে পাঁচ প্রার্থী:জানা গেছে দ্বিতীয় দফায় জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক মনোনয়নপত্র দাখিল করেন। কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের শেষদিন গত ১০ জানুয়ারি ভোট কারচুপি ও অনিয়মের আশঙ্কায় সাদিকসহ বাসদ ও ইসলামী আন্দোলনের প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। এখন ভোটের লড়াইয়ে মাঠে রয়েছেন পাঁচ প্রার্থী। এরা হলেন: আওয়ামী লীগের ডা. ইউনুস আলী সরকার (নৌকা), জাপার (এ) দিলারা খন্দকার (লাঙ্গল), জাসদের এসএম খাদেমুল ইসলাম খুদি (মশাল), ন্যাশনাল পিপলস পার্টির মিজানুর রহমান তিতু (আম) এবং স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ (সিংহ)।