নব নিযুক্ত পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাজ্য ও অস্ট্রিয়া। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট এক বার্তায় বলেছেন, যুক্তরাজ্য ও বাংলাদেশের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আগামী বছরগুলোতে এই সম্পর্ককে আরও শক্তিশালী করার জন্য আমি আপনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে উদগ্রীব হয়ে আছি। হান্ট বলেন, যুক্তরাজ্যে বসবাসরত পাঁচ লাখ ব্রিটিশ বাংলাদেশি দুই দেশের মধ্যে সেতুবন্ধন তৈরি করেছে। বাংলাদেশ ও যুক্তরাজ্যের কৌশলগত সংলাপের পরবর্তী ধাপের কথাও উল্লেখ করেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। দুই দেশের জনগণের পারস্পরিক সুবিধার জন্য এবং দ্বিপক্ষীয় সম্পর্কে অগ্রগতির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম বলেও জানান তিনি।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী মোমেনকে অভিনন্দন জানিয়েছেন অস্ট্রিয়ার ইউরোপ, ইমিগ্রেশন ও বৈদেশিক সম্পর্ক বিষয়ক মন্ত্রী। অভিনন্দন বার্তায় তিনি ২০১৯ সালের ফেব্রুয়ারিতে তাঁর সম্ভাব্য বাংলাদেশ সফরের বিষয়টি উল্লেখ করেন। তিনি দুই দেশের মধ্যে সহযোগিতা আরও জোরদারের উপায় নিয়ে আলোচনার ওপর গুরুত্বারোপ করেন।