যুক্তরাষ্ট্রে দীর্ঘতম শাটডাউনের অবসান হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্প ডেমোক্র্যাটদের প্রস্তাবে রাজি হয়ে আপাতত শাটডাউন থেকে সরে আসায় সম্মতি দিয়েছেন। যদিও তার দাবি অনুযায়ী মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে কোনো অর্থ বরাদ্দ দেওয়া হয়নি। এদিকে প্রেসিডেন্ট ট্রাম্পের এই পদক্ষেপের সমালোচনা করেছেন তার দল রিপাবলিকানের কয়েকজন। এরই মধ্যে প্রেসিডেন্ট ট্রাম্প আরেকটি শাটডাউনের আশংকা করেছেন। খবর সিএনএনের
যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শুক্রবার একটি প্রস্তাব প্রতিনিধি পরিষদ ও সিনেটে পাস হয়। এই প্রস্তাবে সম্মতি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওই দিন রাতেই প্রেসিডেন্ট ট্রাম্প সরকারের অচলাবস্থার অবসানে একটি বিলে স্বাক্ষর করেন। এর ফলে গত ২২ ডিসেম্বর থেকে শুক্রবার পর্যন্ত চলা ৩৫ দিনের শাটডাউনের অবসান হলো। এর মাধ্যমে আগামী ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত তহবিলের সংকট কাটলো। প্রায় আট লাখ কর্মকর্তা-কর্মচারী এখন কাজে যোগ দেবেন। শাটডাউনের ফলে এসব কর্মকর্তা-কর্মচারী এতদিন বেতন-ভাতা পাচ্ছিলেন না। তাদের অনুপস্থিতিতে অনেক বিভাগে বিশেষ করে বিমান সংস্থায় সমস্যা দেখা দেয়। কয়েকটি বিমানবন্দরের ফ্লাইটে বিলম্ব ঘটে। শাটডাউনের অবসানে ডেমোক্র্যাটদের আংশিক জয় হলো বলে বিশ্লেষকরা বলছেন।
প্রেসিডেন্ট ট্রাম্প অঙ্গীকার করেছিলেন, মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণে অর্থ বরাদ্দ না দিলে তিনি বছরের পর বছর শাটডাউন অব্যাহত রাখবেন। ডেমোক্র্যাটদেরকে তার দাবি মানতে হবে। কিন্তু ডেমোক্র্যাটরা বলেছিলেন, শাটডাউনের অবসান না হলে তারা সীমান্তে অর্থ বরাদ্দের কোনো সিদ্ধান্ত মানবেন না। তাদের সেই অঙ্গীকারই বহাল থাকলো। কিন্তু প্রেসিডেন্ট ট্রাম্প তার অঙ্গীকার থেকে সরে আসলেন। তিনি বলেছেন, প্রায় আট লাখ কর্মকর্তা-কর্মচারীর কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নিয়েছেন। তবে সীমান্তে দেয়াল নির্মাণের অর্থ বরাদ্দ না দিলে আরেকটি শাটডাউন শিগগিরই শুরু হতে পারে। প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের সমালোচনা করেছে রিপাবলিকান দলের কয়েকজন। অভিবাসনবিরোধী অ্যান কাউল্টার প্রেসিডেন্ট ট্রাম্পকে ‘কাপুরুষ’ বলেছেন। রক্ষণশীল এবং ট্রাম্প সমর্থক হিসেবে পরিচিত মাইক কারনোভিক এবং পল জোসেফ ওয়াটসন ট্রাম্পকে ‘ভঙ্গুর ব্যক্তি ’বলে উল্লেখ করেছেন।