সন্ত্রাসী হামলায় একেএম ইউসুফ মনির (৪৫) নামের এক যুবলীগ কর্মী নিহত হয়েছে। এসময় তার ছোট ভাই কিশোরগঞ্জ পৌরসভার ৬নং ওয়ার্ডের কাউন্সিলর এয়াকুব সুমন গুরুতর আহত হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জেলা শহরের ঈশা খাঁ রোডের মাধবী প্লাজার সামনে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অর্ধ শতাধিক সন্ত্রাসী রামদা, চাপাতি নিয়ে অতর্কিতে তাদের ওপর হামলা চালায়। পরে লোকজন তাদের দুই ভাইকে উদ্ধার করে দ্রুত জেলা সদর হাসপাতালে পাঠায়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাদের ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে ইউসুফ মনিরকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিত্সক। সন্ত্রাসীরা তাদের বাড়ি-ঘরেও হামলা চালায়।
পুলিশ জানায়, মার্কেটে দোকান নির্মাণকে কেন্দ্র করে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটেছে। কিশোরগঞ্জ মডেল থানার ওসি মো: আবু বকর সিদ্দিক জানান, শনিবার দুপুর ২টা পর্যন্ত থানায় মামলা দায়ের হয়নি। এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পুলিশ একটি চাপাতি ও একটি রামদাসহ ৬ জনকে আটক করেছে।