প্রতিটি সিরিজের আগেই সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়কদের মুখে শুনতে হয় আশার বানী। সেই ধারাবাহিকতা বজায় রেখে নিউজিল্যান্ড সফরে থাকা বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক শোনালেন দলের সেই চিরায়ত মন্ত্র। বললেন, ‘ভুল থেকে শিক্ষা নিয়ে সামনে কাজে লাগাতে চায় দল।’
হ্যামিল্টনে বাংলাদেশ সময় রবিবার ( ২৮ মার্চ) সকাল ৭টায় শুরু টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ। ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে শিক্ষা অর্জন করেছে বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক ভিডিও বার্তায় বললেন, ভুল থেকে শিক্ষা নিয়ে অপ্রথাগত কিছু করতে হবে।
মাহমুদউল্লাহ বলেন, যে ভুলগুলি আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলি মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। এবং ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’
‘জয়ের বিকল্প অন্য কোনো পথ এখানে নেই। নিউজিল্যান্ডে তাদেকে হারাতে হলে প্রথার বাইরে কিছু করতে হবে। ব্যতিক্রমী কিছু করতে হবে। এই চ্যালেঞ্জ নিতে আমরা মুখিয়ে আছি।’ এই সিনিয়র ক্রিকেটারের চোখে ওয়ানডে সিরিজের মূল হতাশার জায়গা ব্যাটিং। বোলারদের পারফরম্যান্সে তিনি খুশি।
ইত্তেফাক/এসআই