আশুলিয়ায় একশ টাকার জন্য যুবককে খুন

সাভার উপজেলার আশুলিয়ায় এক’শ টাকার জন্য এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে অপর এক যুবক। শুক্রবার রাতে আশুলিয়ার পলাশবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোঃ জহিরুল ইসলাম (৩০) উপজেলার ধামসোনা ইউনিয়নের পলাশবাড়ি এলাকার বান্দু হাজির বাড়ির ভাড়াটিয়া মোঃ মালেক মিয়ার ছেলে। জহিরুল পরিবারের সাথে ওই বাসায় থেকে ইলেকট্রিশিয়ানের কাজ করতো। ঘটনার পর থেকে একই এলাকার সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে হত্যাকারী রেজাউল পলাতক রয়েছে।

নিহতের পিতা মালেক মিয়া বলেন, শুক্রবার রাত ৮টার দিকে পলাশবাড়ি এলাকার বখাটে রেজাউল তার ছেলে জহিরুলের কাছে পাওনা এক’শ টাকা চাইতে আসে। এসময় জহিরুল টাকা নেই, পরে দেব বলে জানায়। এসময় দু’জনের মধ্যে বাক-বিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। একপর্যায়ে রেজাউল ধারালো ছুরি দিয়ে জহিরুলের পেটে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় স্থানীয়রা জহিরুলকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাবিব ক্লিনিকে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিত্সকরা তাকে এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন। পরে রাতে সেখানেই মারা যায় জহিরুল।

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রিজাউল হক দিপু বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়ার পর বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।