বন্দর উপজেলায় স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধ করে হত্যার অভিযোগে স্বামীকে মৃত্যুদণ্ড দিয়েছেন নারায়ণগঞ্জের একটি আদালত। বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জ জেলার দ্বিতীয় অতিরিক্ত জেলা ও দায়রা জজ রাশিদা সুলতানা এ রায় দেন। এ সময় দণ্ডপ্রাপ্ত আসামি স্বামী সোলেমান পলাতক ছিলেন।
আদালতের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট জাসমিন আহমেদ জানান, বন্দর উপজেলার কদম রসূল কলেজের পাশে ফরিদ আহমেদ মজুমদারের বাড়িতে ভাড়া থাকতেন স্বামী সোলেমান ও স্ত্রী খালেদা আক্তার সান্ত্বনা ওরফে এ্যানি। ২০০৩ সালে প্রেমের পরিণতিতে বিয়ের পর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ ছিল। কলহের জের ধরে ২০০৭ সালের ১৯ নভেম্বর রাতে সোলেমান গলাটিপে হত্যা করে এ্যানিকে।