হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২১১ রানের বড় টার্গেটে ব্যাট করছে বাংলাদেশ। বড় সংগ্রহ তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ১৬ ওভারে ৭ ইউকেট হারিয়ে ১২২ রান।
আজ রবিবার প্রথম টি-টোয়েন্টি ম্যাচে টসে জিতে ব্যাট করতে নেমে ডেভন কনওয়ের ঝড়ো ইনিংসের পাশাপাশি মার্টিন গাপ্তিল, গ্লেন ফিলিপস, উইল ইয়ংয়ের ব্যাটিং দলকে বড় সংগ্রহ এনে দেয়। নির্ধারিত ২০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেট হারিয়ে ২১০ রান।
অল্পের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন ডেভন কনওয়ে। তিনি ৫২ বলে ৯২ রান করে অপরাজিত থাকেন। এছাড়া মার্টিন গাপটিল ২৭ বলে ৩৫, ইয়ং ৩০ বলে ৫৩ রান করেন। বাংলাদেশের পক্ষে নাসুম আহমেদ ২টি, মেহেদী হাসান ১টি উইকেট নেন।
হ্যামিল্টনের সেডন পার্কে টস জিতে ব্যাটিং নেন নিউজিল্যান্ড অধিনায়ক টিম সাউদি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদউল্লাহ জানালেন, টস জিতলে তিনি বোলিংই নিতেন। উইকেটে ঘাসের ছোঁয়া তেমন একটা নেই। বরাবরই বড় রানের উইকেট বলে পরিচিত এটি। উইকেট তার কাছে খানিকটা শুষ্ক বলে মনে হচ্ছে।
এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে স্বাগতিকদের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। তবে শিক্ষা অর্জন করেছে বলে জানালেন মাহমুদউল্লাহ। টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগের দিন অধিনায়ক ভিডিও বার্তায় বললেন, ভুল থেকে শিক্ষা নিয়ে অপ্রথাগত কিছু করতে হবে।
মাহমুদউল্লাহ বলেন, যে ভুলগুলি আমরা করেছি (ওয়ানডে সিরিজে), সেগুলি মাথায় রাখতে হবে। যেন আমরা সেখান থেকে শিখতে পারি। এবং ওই ফল যেন আমাদের এখানে প্রভাব ফেলতে না পারে, সেটা খেয়াল রাখতে হবে।’
ইত্তেফাক/এমআর