জাতীয় ক্রিকেট লিগ চলাকালে রবিবার ( ২৮ মার্চ) করোনা টেস্টে পজিটিভ এসেছিল বরিশাল বিভাগের ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের। তবে দ্বিতীয় টেস্টে সোমবার ( ২৯ মার্চ) নেগেটিভ এসেছে জাতীয় দলের সাবেক এই অধিনায়কের।
জাতীয় লিগের মাঝপথেই আশরাফুলের করোনা পজিটিভ আসায় শঙ্কায় থাকে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ নিয়ে। তবে সুখবর জানালেন জাতীয় দলের এই ক্রিকেটার। ২৮ তারিখ করোনা পরীক্ষায় পজিটিভ আসলেও পরবর্তীতে পুনরায় টেস্ট করালে নেগেটিভ আসে এই তারকা ক্রিকেটারের। করোনা টেস্টে নেগেটিভ আসার বিষয়টি নিশ্চিত করেন ক্ষোদ আশরাফুলই।
তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, একটু আগে জানতে পারলাম আমার করোনা টেস্টে নেগেটিভ এসেছে। ২৭ তারিখ করেছিল, সেখানে পজিটিভ এসেছিল। ভেবেছিলাম গতকালই করোনা টেস্টের রেজাল্ট দিবে, সেটি আজকে দেওয়া হয়েছে।’
তিনি আরও যোগ করেন, ‘কোভিডের ভ্যাকসিন নিয়েছিলাম ২১ তারিখ। তারপর একটা ম্যাচ খেললাম। দীর্ঘদিন অপেক্ষা করছিলাম জাতীয় লিগের জন্য। আশা ছিল পুরো আসরে ভালোভাবে খেলতে পারব।’
করোনা পজিটিভ হওয়ায় দ্বিতীয় রাউন্ডে রাজশাহীর বিপক্ষে ম্যাচে মাঠে নামতে পারেননি আশরাফুল। প্রথম ম্যাচে ৪৮ রানের ইনিংস খেলে ভালো কিছুর ইঙ্গিত দিলেও করোনা পরীক্ষার ফলাফল দিতে দেরি করায় দ্বিতীয় রাউন্ডের ম্যাচে মাঠে নামতে পারেননি তিনি। তবে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন আশরাফুল।
ইত্তেফাক/এসআই