চুরি করতে গিয়ে এসি ছেড়ে ঘুম, জাগালো পুলিশ

বাড়িতে গিয়েছিলেন চুরি করতে। কিন্তু গরমের মধ্যে এসি ছেড়ে চুরি বাদ দিয়ে আরামে ঘুম দেন চোর। পরে তাকে পুলিশ তাকে ঘুম থেকে উঠিয়ে আটক করেছে। এমন আজব ঘটনাটি ঘটেছে থাইল্যান্ডে।

এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, বাড়ি ফিরে ২২ বছর বয়সী চোর অথিট কিন খুনথুডকে দেখতে পান পুলিশ কর্মকর্তা জিয়াম প্রাসার্ট। তিনি খেয়াল করেন যে, তার মেয়ের বেডরুমের এসি চলছে। এরপর সেখানে গিয়ে দেখেন খুনথুড গভীর ঘুমে আচ্ছন্ন।

প্রাসার্টের মেয়ে ওই সময় বাসায় ছিল না। যখন তিনি খেয়াল করেন যে, তার মেয়ের বিছানায় খুনথুড ঘুমিয়ে রয়েছে তখন তিনি চিৎকার করে তাকে জাগানোর চেষ্টা করেন।

জানা গেছে, চুরি করতে রাত ২টায় প্রাসার্টের বাড়িতে ঢুকেছিলেন খুনথুড। এসি ছেড়ে একটু ঘুমিয়ে নিতে চেয়েছিলেন কিছু সময়। কিন্তু সেই কিছুক্ষণের ঘুম গিয়ে ভাঙে একেবারে সকালে।

ঘরের মধ্যে চোরকে দেখে দ্রুত থানায় খবর দেন প্রাসার্ট। থানা থেকে তার সহকর্মীরা আসলে খুনথুডকে হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হয়।

ইত্তেফাক/টিআর