এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা

যশোরে এমপির বাসভবন ও আওয়ামী লীগ নেতাদের বাসভবন এবং ব্যবসা প্রতিষ্ঠানসহ ছয়টি স্থানে বোমা হামলা করেছে দুর্বৃত্তরা। শনিবার মধ্যরাত আড়াইটার দিকে পরপর এই বোমা হামলা হয়েছে। এতে কেউ হতাহত হয়নি। পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত বোমার আলামত উদ্ধার করেছে।

 

যশোর কোতোয়ালি থানার ওসি অপূর্ব হাসান জানিয়েছেন, শনিবার রাত আড়াইটার দিকে যশোর-৩ আসনের এমপি কাজী নাবিল আহমেদের বাসভবনে বোমা হামলা হয়েছে। এরপর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যানের মালিকাধীন পাঁচ তারকামানের হোটেল জাবিরে বোমা বিস্ফোরণ হয়। এর আগে শাহীন চাকলাদারের চাচাতো ভাই তৌহিদ চাকলাদার ফন্টুর বাসভবনে বোমা হামলা করা হয়। এরপর চাকলাদার ফিলিং স্টেশনে বোমা হামলার খবর পান তারা। 

 

এর আগে শহর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইমাম হাসান লাল ও যুবলীগ নেতা রাবিবুল হাসানের বাসভবনে বোমা বিস্ফোরণ হয়েছে। প্রত্যেক স্থান থেকে দুটি করে ১২টি বোমার কোটা ও বিস্ফোরিত বোমা আলামত উদ্ধার করা হয়েছে। তিনি বলেন, এটা আওয়ামী লীগের দুইপক্ষের অভ্যান্তরিণ কোন্দলের জের।

 

অপরদিকে র‌্যাব-৬ যশোর ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থাল পরিদর্শন করেছেন। তারা ঘটনাটি তদন্ত করেছেন বলে জানিয়েছেন। 

 

এদিকে বোমা হামলার প্রতিবাদে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা শহরে বিক্ষোভ মিছিল করেছেন। পরে সংক্ষিপ্ত বক্তব্য বক্তারা বলেন, অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের বিচার করতে হবে। তা না হলে কঠোর আন্দোলন করা হবে।

 

ইত্তেফাক/ইউবি