চলতি বছরেই শেষ হবে রাসিকের সিটি সেন্টারের নির্মাণ কাজ

পাবলিক প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) এর আওতায় মহানগরীর সোনদিঘীর মোড়স্থ রাজশাহী সিটি কর্পোরেশনের নির্মাণাধীন ‘সিটি সেন্টার’ এর কাজ চলতি বছরের মধ্যে শেষ করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

শনিবার বিকেলে নগরভবনের মিনি কনফারেন্স রুমে সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনের সভাপতিত্বে সিটি সেন্টারের কাজের অগ্রগতি বিষয়ক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় মেয়র খায়রুজ্জামান লিটন দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে নির্মাণকারী প্রতিষ্ঠানকে তাগিদ দেন।

এ সময় নির্মাণকারী প্রতিষ্ঠান ‘এনা প্রোপার্টিজ’র স্বত্বাধিকারী বাগমারার সাংসদ এনামুল হক চলতি বছরের মধ্যে সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ করার প্রতিশ্রুতি দেন।

এনামুল হক বলেন, ‘চলতি বছরের মধ্যে আমরা সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ করতে চাই। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা পেলে আশা করছি এই বছরের মধ্যে কাজ শেষ হবে।’

আরো পড়ুন: ‘নগ্ন’ হয়ে সাঁতার কাটার আজব প্রতিযোগিতা!

মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘আজকের এই সভায় নতুন যাত্রা শুরু হলো। নির্মাণকারী প্রতিষ্ঠান আমাদের যে আশাবাদ ব্যক্ত করলেন, তাতে আমরা আশ্বস্ত হলাম। আশা করছি এই বছরের মধ্যে সিটি সেন্টারের নির্মাণ কাজ শেষ হবে।’

সভায় সচিব ও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম, প্রধান প্রকৌশলী আশরাফুল হক ও তত্ত্ববধায়ক প্রকৌশলী খায়রুল বাসার প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, রাসিকের আয় বাড়াতে ২০০৯ সালে এএইচএম খায়রুজ্জামান লিটন সিটি সেন্টারসহ তিনটি বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ শুরু হয়। ২০১৬ সালের মধ্যে নির্মাণ কাজ শেষ করতে চুক্তিবদ্ধ হয়েও এখনো শেষ করেননি। গতবছর খায়রুজ্জামান লিটন দ্বিতীয়বার মেয়র নির্বাচিত হলে ভবনগুলো নির্মাণে গতি আনার উদ্যোগ নেন।

ইত্তেফাক/বিএএফ