শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী ছিনতাইকারীর আঘাতে গুরুতর আহত হয়েছেন। আহত শিক্ষার্থী দেওয়ান হাসিবুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের ৩য় বর্ষে অধ্যয়নরত।
রবিবার (২৮ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় এ ঘটনা ঘটে। পরে তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে আশঙ্কামুক্ত বলে জানান সহকারী প্রক্টর জাহিদ হাসান।
প্রতক্ষ্যদর্শী সূত্রে জানা যায়, আহত শিক্ষার্থী দেওয়ান হাসিবুল তার এক সহপাঠীকে নিয়ে কেন্দ্রীয় মিলনায়তনের পার্শ্ববর্তী টিলায় ঘুরতে যায়। ছিনতাইকারী তার কাছ থাকে ব্যাগ ছিনতাই করতে গেলে সে বাধা দেয়। এ সময় ছিনতাইকারী তার মাথায় গাছের ডাল দিয়ে আঘাত করলে তার মাথা গুরুতরভাবে জখম হয়। পরে তাকে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে নিয়ে গেলে অবস্থা গুরুতর দেখে সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
আরও পড়ুনঃ ছিনতাইয়ে ব্যর্থ হয়ে উপুর্যপরি দায়ের কোপ
কর্তব্যরত চিকিৎসক জানান, বর্তমানে সে আশঙ্কামুক্ত। তবে তার মাথার সিটিস্ক্যান করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
ইত্তেফাক/নূহু