ফুটন্ত আগ্নেয়গিরির সামনে ভলিবল খেলছেন একদল যুবক!

সম্প্রতি আইসল্যান্ডের গেলডিংডালুর মাউন্ট ফাগ্রাদালসফজলের নিকটে অবস্থিত একটি আগ্নেয়গিরি জেগে উঠেছে। দীর্ঘ প্রায় ৬ হাজার বছরেরও বেশি সময় ধরে এটি সুপ্ত অবস্থায় ছিল। জেগে উঠার পর থেকে এটির লাভা ৩০০ ফুটের বেশি উচ্চতায় পৌঁছেছে। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন ভূমিকম্প বিশারদরা।

আগ্নেয়গিরি জেগে উঠার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে। তবে কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হয়েছে। যা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।

এক ইন্সটাগ্রাম আইডি থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, আগ্নেয়গিরির পাশেই চার জন ব্যক্তি ভলিবল খেলছেন। ভিডিওর ক্যাপশনে লেখা হয়েছে, ‘মাইনাস ১২ ডিগ্রি হিমশীতল এবং দুর্দান্ত মানুষগুলোর সঙ্গে গোলমরিচ চ্যালেঞ্জ।’

ভিডিওটি পোস্ট করেছেন আইসল্যান্ডের প্রফেশনাল ভলিবল খেলোয়াড় থেলমা গ্রাটারস। এখন পর্যন্ত ৪২ হাজারের বেশি মানুষ ভিডিওটি দেখেছেন এবং মন্তব্য করেছেন অসংখ্য মানুষ। তাদের মধ্যে অধিকাংশই উদ্বেগ প্রকাশ করেছেন।

একজন লিখেছেন, ‘অবিশ্বাস্য, বিশ্বাস করতে পারছি না। আপনি কি আগ্নেয় ভূমিকম্পের অভিজ্ঞতা অর্জন করেছেন?’

দ্বিতীয়জন লিখেছেন, ‘আপনি আজ পর্যন্ত কী করেছেন?- আহ! একটি অগ্ন্যুৎপাতের আগ্নেয়গিরির পাশে কেবল ভলিবল খেলেছি।’ সঙ্গে হাসির ইমুজিও জুড়ে দেন তিনি।

আরেকজন লিখেছেন, ‘বিস্ময়কর!!!! আমরা এই চ্যালেঞ্জটি আগামী সপ্তাহে গ্রহণ করবো।’

ইত্তেফাক/টিএ