যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নকল ব্যাংক ডাকাতির ভিডিও বানিয়ে সাজা পেয়েছেন এলেন এবং এলেক্স স্টোকস নামের দুই জমজ ইউটিউবার। তাদের চ্যানেলের ফলোয়ার প্রায় ৬০ লাখ। আরো ফলোয়ার বাড়ানোর জন্যেই তারা এ কাজ করেছিলেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১ এপ্রিল) এ খবর দিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। ক্যালিফোর্নিয়ার জজ এই দুই ইউটিউবারকে সামাজিক কাজ করার সাজা দিয়েছেন এবং অপকর্মের জন্য একবছরের জন্য প্রবেশনে রেখেছেন। এই প্র্যাঙ্কের কারণে তাদের পাঁচ বছর পর্যন্ত সাজা পাওয়ার সম্ভাবনা ছিল।
অরেঞ্জ কাউন্টির ডিস্ট্রিক্ট এটর্নি টোড স্পিটজার বলেন, এই অপরাধগুলোর ফলে সহজেই কেউ মারাত্মক আহত বা নিহত হতে পারে। এটা দায়িত্বজ্ঞানহীন এবং বেপরোয়া আচরণ কারণ এই দুই ব্যক্তি ইন্টারনেটে তাদের ফলোয়ারের সংখ্যা বাড়াতে মনোযোগী ছিল।
প্রতিবেদনে বলা হয়, জানা গেছে, ২০১৯ সালে এই দুই জমজ ভাই নকল ব্যাংক ডাকাতি নিয়ে সিরিজ আকারে বেশ কয়েকটি ভিডিও বানিয়েছিলেন। এর মধ্যে একটিতে দেখা গেছে, তারা আপাদমস্তক কালো পোশাক ও মুখোশ পরে ব্যাগ হাতে দৌড়াচ্ছেন। তারা ভাব করছিলেন, হাতের ব্যাগে ডাকাতি করা টাকা আছে। পালানোর ভান করে এই দুই ভাই একটি উবারের গাড়ি কল করেন।
আরও বলা হয়, তবে উবার ড্রাইভার তাদের গাড়িতে তুলতে অস্বীকৃতি জানান। কারণ ড্রাইভার ভেবেছিলেন এরা সত্যিই ব্যাংক ডাকাতি করেছেন। ঘটনার আরেক সাক্ষী ভেবেছিলেন, এলেক্স ও এলেন ডাকাতি শেষে পালানোর জন্য গাড়িও হাইজ্যাক করছেন। এমন সময় পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।
ইত্তেফাক/এসএ