১৯ দিন অতিবাহিত হলেও কুষ্টিয়া মিরপুর থেকে নিখোঁজ এসএসসি পরীক্ষার্থী চুমকির (১৯) সন্ধান মেলেনি। চুমকি কুষ্টিয়ার মিরপুরের বারুইপাড়া ইউনিয়নের বারুইপাড়া গ্রামের বাকপ্রতিবন্ধী রাজু আহম্মেদের মেয়ে। হাজরাহাটি যৌথ মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী তিনি।
চুমকির চাচা জয়নুল আবেদিন রিপন বলেন, গত ৮ জানুয়ারি সকাল ১০টার সময় চুমকি নিজ বাড়ি হতে কোচিং এ ক্লাস করার উদ্দেশ্যে বের হয়। এরপর ক্লাস শেষ হয়ে গেলেও সে আর বাসায় ফিরে আসেনি। আমরা বিভিন্ন জায়গাতে খোঁজাখুঁজি করে তার সন্ধান না পেয়ে পরের দিন মিরপুর থানায় একটি সাধারণ ডায়রি করি।
আরো পড়ুন: ঘরে বসেই নিয়ে নিন পুলিশ ক্লিয়ারেন্স
এ ব্যাপারে মিরপুর থানার ওসি তদন্ত আব্দুল আলীম জানান, এসএসসি পরীক্ষার্থী চুমকি নিখোঁজের পর তার চাচা থানায় জিডি করেন। জিডির পর থেকে চুমকিকে উদ্ধারের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের ২৯ অক্টোবর পারিবারিকভাবে জেলার জগতি কৃষক পাড়ার জয়নাল আবেদিনের ছেলে রাশেদের সঙ্গে চুমকির বিয়ে হয়।
একটি সূত্র জানায়, চুমকি নিখোঁজের পর চলতি মাসের ১৮ তারিখে চুমকির স্বামী রাশেদের নম্বরে চুমকি ফোন করে বলেন, ভীষণ বিপদের মধ্যে আছি এবং তাকে উদ্ধার করতে। এ কথা বলতেই ফোনটির সংযোগ বন্ধ হয়ে যায়।
ইত্তেফাক/জেডএইচ