বদ্ধ জীবন

নাজমুল ইসলাম

 

আকাশ ছোঁয়া বিল্ডিঙে আজ আমার বসবাস

গ্রিলের ফাঁকে মুখ বাঁকিয়ে রোজ করি হাঁসফাঁস

দক্ষিণে এক উটকো দালান ঠায় দাঁড়িয়ে তাই

মুক্ত বায়ুর শীতল আভাস আমার ঘরে নাই।

 

বিলের জলে রং ছড়িয়ে হারিয়ে যাওয়া ওই

সূর্যডুবির মজার ছবি পাই এখানে কই?

আকাশ-মাটির নেই মোহনা পশ্চিমে বা পুবে

বাড়ির মাথায় সূর্য ওঠে—সেখানেই যায় ডুবে।

 

ডাক শুনি না দোয়েল-শ্যামার ঝাঁকড়া মাথা গাছে

গাছ হয়েছে দেয়াল শোভা, মাছ ঢুকেছে কাচে

সবুজ ছাওয়া সুড়ঙ্গপথ, নড়বড়ে গ্রাম সাঁকো

নেই এখানে দেখার সুযোগ, কেবল খাতায় আঁকো।

 

বদ্ধঘরে ঝরনা জলে নাইতে গেলে রোজ

হাত-পা নেড়ে শূন্যে করি জল-পুকুরের খোঁজ

পড়ার ফাঁকে স্মৃতির পাতা যখন খুলে বসি

গ্রাম ভালো না শহর ভালো সে অঙ্কটাই কষি।