প্রতিবন্ধীদের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের আওতায় আনবে সরকার

 

দেশের প্রতিবন্ধী জনগোষ্ঠীকে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে আত্মকর্মসংস্থান স্বনির্ভর করে তুলতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে সরকার। দেশে যে সকল প্রতিবন্ধী জনগোষ্ঠী রয়েছে তাদের কেন্দ্রীয় তথ্য ভাণ্ডারের (সেন্ট্রাল ডাটা বেজ) আওতায় আনা হবে। এছাড়াও তারা যেন যোগ্যতা অনুযায়ী চাকরি পেতে পারে এবং উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তা হতে পারে সে লক্ষ্যে কার্যক্রম গ্রহণ করা হবে। গতকাল পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সভা কক্ষে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে আইসিটি বিভাগের অধীন বিসিসির ৬টি আঞ্চলিক কার্যালয়ে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য ‘নিউরো ডেভেলপমেন্টাল ডিজঅর্ডার প্রকল্প’ এর আওতায় কম্পিউটার ট্রেনিং কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধনকালে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এসব কথা বলেন । 

তিনি আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের যে ঘোষণা দিয়েছিলেন সে ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সরকার অনেক দূর এগিয়ে গেছে। সরকার ২০১৩ সালে প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে প্রতিবন্ধীদের অধিকার ও সুরক্ষা আইন পাস করেছে। যারা নিজের ভাগ্য নির্ধারণে লড়াই চালিয়ে যাচ্ছেন, শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করার জন্য লড়াই করছেন তাদের স্বয়ংসম্পূর্ণ করতে সকল প্রচেষ্টা অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

এই প্রকল্পের আওতায় ২৮০ জন এনডিডি ব্যক্তিসহ মোট ২৮০০ জন প্রতিবন্ধী ব্যক্তিকে পর্যায়ক্রমে ৫টি কোর্সে প্রশিক্ষণ প্রদান করা হবে। কোর্সসমূহ হচ্ছে— ইন্টারফেকশন টু কম্পিউটার অ্যান্ড অ্যাপ্লিকেশন,  গ্রাফিক্স মাল্টিমিডিয়া অ্যান্ড আউটসোর্সিং, ওয়েব অ্যান্ড মোবাইল অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, সফটওয়্যার কোয়ালিটি টেস্টিং অ্যান্ড ডিজিটাল মার্কেটিং।  

‘নিউরো ডেভোলপমেন্টাল ডিজঅর্ডার প্রকল্প’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল-এর সদস্য মো. রেজাউল করিম,  পরিচালক এনামুল কবির এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ মনোয়ার উজ জামান ও গোলাম রব্বানীসহ রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, চট্টগ্রাম ও ফরিদপুর— ৬টি আঞ্চলিক কার্যালয়ের সেন্টার ইন-চার্জরা।