অর্থ-সামাজিক উন্নয়নে টেলিযোগাযোগের ভূমিকা নিয়ে রবি’র আয়োজন

তথ্যপ্রযুক্তি ডেস্ক

 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সম্প্রতি ‘রবি ক্যারিয়ার রোডশো’ নামে একটি অনুষ্ঠানের আয়োজন করে ডিজিটাল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রবি। আয়োজনে ২৫০ জনের বেশি শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

কর্মসূচিটির মূল উদ্দেশ্য ছিল বর্তমান ডিজিটাল যুগে রবি এবং টেলিযোগাযোগ শিল্পে ক্যারিয়ারের সুযোগ সম্পর্কে শিক্ষার্থীদের আরও সচেতন করে তোলা। এছাড়া দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠান হিসেবে রবি ও টেলি যোগাযোগ শিল্প দেশের আর্থ-সামাজিক উন্নয়নে কী ভূমিকা রাখছে তা তুলে ধরা হয়।

এলামনাইদের সঙ্গে সাক্ষাতের মাধ্যমে জাবি ক্যারিয়ার রোডশোটি শুরু হয়। জাবি’র শিক্ষার্থী যারা রবিতে ক্যারিয়ার গড়েছেন তারা বর্তমান শিক্ষার্থীদের সঙ্গে তাদের কর্মজীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক বারতা চক্রবর্তী।

আয়োজনটির সবচেয়ে আকর্ষণীয় দিক ছিল ‘নলেজ শেয়ারিং সেশন’। রবি’র কর্মকর্তারা কর্পোরেট কাজের ধরনের ওপর সাতটি বক্তব্য দেন। এসময় তারা তাদের কর্মজীবনের অভিজ্ঞতার ভিত্তিতে বিভিন্ন মতামত এবং ডিজিটাল যুগের সঙ্গে খাপ খাওয়াতে শিক্ষার্থীদের কী ধরনের দক্ষতার প্রয়োজন সে সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন বক্তারা।

এসএমএস কুইজ কন্টেস্ট বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে ক্যারিয়ার রোডশোটি শেষ হয়। সন্ধ্যায় রবি’তে যোগ দিতে ইচ্ছুক শিক্ষার্থীরা একটি লিখিত পরীক্ষায় অংশ নেন। শেষ বর্ষের শিক্ষার্থী এবং যারা শেষ বর্ষ উত্তীর্ণ হয়েছেন তারা এই পরীক্ষায় অংশ নেন।