ট্রাফিক পুলিশকে লাঠিপেটার ঘটনায় সরকারি কর্মকর্তার বিরুদ্ধে মামলা

সিলেটে কর্তব্যরত এক ট্রাফিক সদস্যকে সরকারি ব্যাংকের কর্মকর্তার বেধড়ক লাঠিপেটার ঘটনায় সিলেট কোতোয়ালী থানায় মামলা দায়ের হয়েছে। মারাত্মক আহত ওই  ট্রাফিক পুলিশ ওসমানী হাসপাতালে ভর্তি আছেন।

মামলার বিষয়টি নিশ্চিত করে কোতোয়ালী থানার ডিউটি অফিসার রবিবার বিকালে ইত্তেফাককে জানান, ট্রাফিক পুলিশকে পেটানোর ঘটনায় শনিবার রাতেই কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামি তানজিল আহমদ বর্তমানে থানায় আটক আছেন। তাকে আদালতে প্রেরণ করা হবে।

আরো পড়ুন: মোবাইলে ৩ দিনের নিচে কোন প্যাকেজ নয়

সিলেট মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার জেদান আল মুসা ইত্তেফাককে  জানান, শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে নগরীর চৌহাট্টায় তানজিল আহমদ নামের এক ব্যাংক কর্মকর্তা মোটরসাইকেল নিয়ে চৌহাট্টা থেকে জিন্দাবাজারের দিকে যেতে চাইলে কর্তব্যরত ট্রাফিক সদস্য তাকে বাধা প্রদান করেন। এ নিয়ে বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাফিক সদস্যের হাত থেকে লাঠি নিয়ে তাকে বেধড়ক মারধর শুরু করেন।

আরো পড়ুন: ৪৯ দিনে কোরআনের হাফেজ কুমিল্লার আট বছরের রাফসান

পরবর্তীতে ওই ব্যাংক কর্মকর্তাকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। মারাত্মক আহত অবস্থায় ট্রাফিক সদস্যকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি ওসমানী হাসপাতালের ২৯ নং ওয়ার্ডের বিএক্স ১৪ নং বেডে চিকিৎসাধীন আছেন।

জেদান আল মুসা আরো জানান, বিএম তানজিল আহমদ নামের ওই কর্মকর্তা সুনামগঞ্জ জেলা পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বলে জানা গেছে। তিনি জানান, অপরাধী যেই-ই হোক কোন অবস্থাতেই ছাড় দেওয়া হবে না।

ইত্তেফাক/জেডএইচ