বিশ্বনাথে পলো বাওয়া উত্সব পানি ও কচুরিপানা বেশি থাকায় মাছ কম

তজম্মুল আলী রাজু, বিশ্বনাথ (সিলেট) সংবাদদাতা

বিশ্বনাথের বিপুল উত্সাহ-উদ্দীপনার মধ্য দিয়ে বার্ষিক পলো বাওয়া উত্সব অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোয়াহরি গ্রামের দক্ষিণের (বড়) বিলে ওই পলো বাওয়া উত্সব অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণ করেন গ্রামের কয়েক শতাধিক মানুষ। সৌখিন শিকারিরা পলো দিয়ে মাছ ধরেছেন। মাছের মধ্যে ছিল বোয়াল, শউল, মিরকা, কারপু, বাউশ, ঘনিয়া, রউসহ বিভিন্ন জাতের মাছ। তবে এ বছর বিলে অধিক পানি ও কচুরিপানা থাকায় অন্যান্য বছরের তুলনায় মাছের সংখ্যা কম বলে জানিয়েছেন শিকারিরা।

গোয়াহরি গ্রামের ঐতিহ্য অনুযায়ী প্রতি বছরের মাঘ মাসে এই পলো বাওয়া উত্সব অনুষ্ঠিত হয়। পলো বাওয়া উত্সবকে কেন্দ্র করে গোয়াহরি গ্রামে গত কয়েকদিন ধরে উত্সবের আমেজ বিরাজ করছিল। পলো বাওয়া এই উত্সবে অংশ নিতে রবিবার সকাল ৮টা থেকে গোয়াহরি গ্রামের সৌখিন মানুষ বিলের পারে এসে জমায়েত হতে থাকেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বিলের পারে লোকসমাগম বাড়তে থাকে। পূর্ব নির্ধারিত সময় সকাল সাড়ে ১১টায় সবাই এক সঙ্গে বিলে নেমে শুরু করেন পলো বাওয়া। শুরু হয় ঝপ ঝপ পলো বাওয়া। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ পলো বাওয়া উত্সবে গোয়াহরি গ্রামের সব বয়সী পুরুষ অংশ নেন।

সরেজমিনে গোয়াহরি বিলে গিয়ে দেখা যায়, মাছ শিকার করতে নিজ নিজ পলো নিয়ে বিলের ওপর ঝাঁপিয়ে পড়েন লোকজন। যাদের পলো নেই তারা মাছ ধরার ছোট ছোট বিভিন্ন জাল নিয়ে মাছ শিকারে ব্যস্ত সময় কাটান। প্রতিবছরের ন্যায় এবারও ছেলে বুড়ো মিলিয়ে প্রায় তিন শতাধিক লোক পলো বাওয়া উত্সবে অংশগ্রহণ করেন। বিল থেকে অন্যান্য বছরের তুলনায় মাছ শিকার হয়েছে কম।

গোয়াহরি গ্রামের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল আহাদ, সাদিক হোসাইন ও কানাডা প্রবাসী ফয়ছল আহমদ বলেন, পলো বাওয়া উত্সব আমাদের গ্রামের একটি ঐতিহ্য। একই গ্রামের যুক্তরাজ্যপ্রবাসী আব্দুল আওয়াল বলেন, উত্সবে আমাদের গ্রামের বিশ্বের বিভিন্ন দেশে থাকা প্রবাসীরাও দেশে এসে অংশগ্রহণ করেন।