হবিগঞ্জ প্রতিনিধি
বাংলাদেশ স্কাউটস হবিগঞ্জ জেলা রোভার স্কাউটের উদ্যোগে ৪ দিনব্যাপী ২য় বাইসাইকেল রোভার স্কাউট এডভেঞ্চার ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। গত শনিবার অপরাহ্নে মাধবপুর উপজেলার শাহজীবাজার ডাঃ মহিউদ্দিন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের উদ্বোধন করেন মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মল্লিকা দে। জেলা রোভার স্কাউটের কমিশনার অধ্যাপক মোঃ ইলিয়াস বখত চৌধুরী জালালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা রোভারের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল।
অনুষ্ঠানে অতিথিদেরকে ক্রেস্ট, স্কার্ফ, ক্যাপ উপহার দেয়া হয়। ৪ দিনব্যাপী এডভেঞ্চার ক্যাম্পে অংশগ্রহণকারী রোভার স্কাউটরা শাহজীবাজার গ্যাস ফিল্ড সংলগ্ন ফ্রুটস ভ্যালী, তেলিয়াপাড়া স্মৃতিসৌধ, সাতছড়ি জাতীয় উদ্যান, চাকলাপুঞ্জি, লালচান, চানপুর ও নালুয়া চা-বাগান পরিদর্শন করবেন। আগামী মঙ্গলবার রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে হাইকিং-এর মাধ্যমে ক্যাম্প সমাপ্ত হবে। ক্যাম্পে জেলার ১৩টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৮ জন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২ জন ও ঝিনাইদহ সরকারি কেসি কলেজের ১ জনসহ মোট ৬১ জন রোভার স্কাউট ও ১২ জন ক্যাম্প অফিসিয়াল অংশগ্রহণ করছেন।