সাবেক অর্থমন্ত্রী কিবরিয়ার মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন

হবিগঞ্জ প্রতিনিধি

সাবেক অর্থমন্ত্রী শাহ এএমএস কিবরিয়ার ১৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি পালিত হয়েছে। সকালে কিবরিয়া স্মৃতি ফাউন্ডেশন ও সদর উপজেলা পরিষদের উদ্যোগে গ্রেনেড হামলার ঘটনাস্থল বৈদ্যের বাজারে কিবরিয়াসহ অন্য নিহতদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক, কিবরিয়া ফাউন্ডেশনের আহ্বায়ক প্রফেসর আবিদুর রহমান প্রমুখ। পরে জেলা যুবলীগ সভাপতি আতাউর রহমান সেলিমের নেতৃত্বে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করা হয়। অপরদিকে সকালে শাহ এএমএস কিবরিয়ার পরিবারের পক্ষ থেকে তাঁর কবরে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শাহ এএমএস কিবরিয়ার ছেলে ড. রেজা কিবরিয়া বলেন, আমার বাবার হত্যাকাণ্ডের পর থেকে যে তদন্তগুলো হয়েছে সেগুলোর প্রতি আমার কোনো আস্থা নেই, পরিবারেরও কোনো আস্থা নেই। আমার বাবার হত্যাকারীরা যে দলেরই হোক না কেন আমরা আসল মদদদাতাকারীকে চিহ্নিত করার দাবি জানাই।