চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাত আটক

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

কুমিল্লার চৌদ্দগ্রামে গতকাল রবিবার ভোররাতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে আটক করেছে পুলিশ। থানার পরিদর্শক অপারেশন ত্রিনাথ সাহা ও এসআই আরিফের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলো কুমিল্লার দেবিদ্বার থানার চুলাশ গ্রামের মৃত মোসলেম মিয়ার ছেলে আলমগীর হোসেন (৩২), একই গ্রামের হানিফ মিয়ার ছেলে মোহাম্মদ আলী (৩৮) ও সদর দক্ষিণ থানার উলুইন গ্রামের মৃত নুর আহাম্মদের ছেলে রফিকুল ইসলাম (৩৫)। তাদের কাছ থেকে একটি ম্যাগাজিন যুক্ত সিলভার কালার পিস্তল, এক রাউন্ড গুলি ও দুইটি রামদা উদ্ধার করা হয়।

মামলাসূত্রে জানা যায়, রবিবার ভোররাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঘোলপাশা ইউনিয়নের আমানগন্ডা এলাকায় ডাকাতির উদ্দেশ্যে ৫/৬ জন অস্ত্রশস্ত্র নিয়ে সমবেত হয়েছে-এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে তারা দৌড়িয়ে পালানোর চেষ্টা করে। তাত্ক্ষণিক পুলিশ অস্ত্রশস্ত্রসহ আলমগীর, মোহাম্মদ আলী ও রফিক মিয়াকে আটক করতে সক্ষম হয়। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি ও অস্ত্র আইনে মামলা রয়েছে। আটকের ঘটনায় রবিবার চৌদ্দগ্রাম থানায় তিনজনের বিরুদ্ধে এসআই আরিফ হোসেন বাদী হয়ে মামলা করেছেন।